২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসায় ইন্টারপোল মহাসচিব

গুলশান হামলার মতো আলোচিত ঘটনার পর জঙ্গি দমনে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ইন্টারপোল মহাসচিব ইয়ুরগেন স্টক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 11:05 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

তিনি বলেছেন, “বাংলাদেশের পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে খুবই সফল হয়েছে। গুলশানের ঘটনার পর তাদের প্রচেষ্টায় সফল হওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাতে চাই।”

ঢাকায় বাংলাদেশসহ ১৫টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সোনারগাঁও হোটেলে

তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন আন্তর্জাতিক পুলিশ সংস্থার মহাসচিব।

গত বছরের জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযান চালিয়ে হত্যা করা হয় হামলাকারীদের। এরপর ধারাবাহিক অভিযানে নিহত হন শীর্ষ জঙ্গিনেতাদের অনেকে।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গুলশান হামলার পর  বাংলাদেশ পুলিশ দেশীয় জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দিয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গিদের গ্রেপ্তার করেছে, কিছু জঙ্গি আত্মসমর্পণও করেছে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকায় মিলিত হয়েছেন ১৫ দেশের

পুলিশ কর্মকর্তারা।

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য আদান-প্রদানের জন্য অভিন্ন আন্তঃদেশীয় নেটওয়ার্ক তৈরিতে ইন্টারপোল কাজ করে যাবে বলে জানান ১৯০টি দেশের সংস্থার মহাসচিব স্টক।

বিরোধী দলকে দমন-পীড়নের জন্য সরকার ইন্টারপোলের কাছে তথ্য চেয়ে থাকে বলে অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি সত্য নয়।

অনুষ্ঠানে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির  ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভয়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর) এর অধ্যাপক রোহান গুনারত্নে বলেন, গুলশানের হামলাটি করেছে আইএস।

“আইএসের প্রধান ম্যাগাজিন দাবিকে স্বীকার করা হয়েছে যে ওই হামলা আইএস চালিয়েছে।”

গুলশান হামলার দায় স্বীকার করে আইএসের নাম বার্তা ইন্টারনেটে এলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, এই সংগঠনটির তৎপরতা এ দেশে নেই। দেশীয় জঙ্গিরা হামলা করে আইএসের নাম ভাঁড়াচ্ছে।

গুনারত্নে বলে, বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি তাদের কৌশল বদলে এখন আইএসের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে।

‘সঠিক তথ্য’ জনগণ জানলে জঙ্গিবাদবিরোধী অভিযান আরও সফল হয় বলে মন্তব্য করেন এই অধ্যাপক।

জঙ্গি দমনের সঙ্গে ওই পথ ছেড়ে আসাদের পুনর্বাসনের জন্য কর্মসূচি চালু করতে বাংলাদেশ সরকারকে পরামর্শও দেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক আশা করছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এই অঞ্চলের বাহিনীগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়বে।

সম্মেলনে আফগানিস্তানের সিনিয়র ডেপুটি মিনিস্টার ফর সিকিউরিটি আব্দুল রহমান, মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল আর পুলিশ খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মাইও সি উইন, শ্রীলঙ্কার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পুজিৎ সেনাদি বান্দর জয়াসুন্দারাসহ ৫৮ জন বিদেশি অতিথি অংশ নিচ্ছেন।

শহীদুল হক বলেছেন, আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে এ সম্মেলনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করা হবে। এছাড়া পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে।

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম এ সম্মেলনে অংশ নিচ্ছে।

এছাড়া ইন্টারপোল, ফেইসবুক, যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল ও আইসিআইটিএপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারাও যোগ দিয়েছেন সম্মেলনে।

এ আয়োজনে মোট ১৪টি কর্ম অধিবেশনে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হবে। জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণের মতো বিষয়ও রয়েছে এর মধ্যে।  সম্মেলনের শেষ দিন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে যৌথ ঘোষণায় স্বাক্ষর করবেন অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা।