চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন সোমবার
চট্টগ্রাম মহানগরী এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করবেন।
এসময় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত থাকবেন।
জানতে চাইলে ইসি সচিব বলেন, “উদ্বোধনের পর ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিতরণ চলবে। মহানগরীতে ১৮ লাখের বেশি ভোটার থাকলেও ১১ লাখ ৭৬ হাজার ভোটারের স্মার্টকার্ড ছাপানো শেষ করে তা ইতোমধ্যে পাঠানো হয়েছে।”
নির্ধারিত সময়ের মধ্যে মহানগরীর সব ভোটারের হাতে তা পৌঁছে দেওয়া হবে। চট্টগ্রাম মহানগরীর সকল থানার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সময়সূচি স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হবে বলে মোহাম্মদ আবদুল্লাহ জানান।
ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞিপ্তিতে জানায়, যে কোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে ফোন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্য জানা যাবে। SC স্পেস NID স্পেস এনআইডির ১৭ নম্বরের ডিজিট টাইপ করে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে বিতরণের স্থান ও সময় জানা যাবে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সশরীরে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে যেতে হবে এবং লেমিনেটেড মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাদের মূল নিবন্ধন স্লিপ নিয়ে আসতে হবে।
এছাড়া যাদের মূল জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে তাদেরকে সংশ্লিষ্ট থানায় জিডি করে, জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
গত ৩ অক্টোবর রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ঢাকায় বিতরণ কাজ চলছে।
