বিডিনিউজ টোয়েন্টিফোরের বসন্তের খবর ছুঁয়ে গেল সংসদকেও
পহেলা ফাল্গুনে ঋতুরাজ ‘বসন্ত ছুঁয়ে গেল সংসদ অধিবেশনকেও’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি খবর সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে উদ্ধৃত করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার সমাপনী বক্তব্যের এক পর্যায়ে স্পিকার বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আমাদের এই অধিবেশন চলাকালীন ঋতুচক্রে বাংলায় এসেছে বসন্ত। বসন্তের আগমনে প্রকৃতি বর্নিল সাজে সজ্জিত হয়েছে। পহেলা ফাল্গুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি অনলাইন সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়।
“সংবাদের শিরোনাম ছিল, ‘বসন্ত ছুঁয়ে গেল সংসদ অধিবেশনকে’। স্পিকার বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামদানি শাড়ির পাড়ও ছিল বাসন্তী রংয়ের। সেই সংবাদটিতে এই বিষয়টি উল্লেখিত হয়।”
পহেলা ফাল্গুনের ওই প্রতিবেদনে স্পিকার ও প্রধানমন্ত্রীর ছাড়াও বেশিরভাগ নারী সংসদ সদস্যদের বাসন্তী রংয়ের শাড়িতে উপস্থিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন বলেন, “এ প্রসঙ্গে আমি বলতে চাই, আমরা নারীরা মা জাতি। যে পথ দিয়ে বিচরণ করি, সেখানে ছড়িয়ে দেই আমাদের মমত্ববোধ ও কোমলতার ছোঁয়া। সেই আভায় রাঙিয়ে তুলি আমাদের পারিপার্শ্বিকতা। আর তারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই রবীন্দ্রনাথের গানে, ‘রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার’।”
তার এই বক্তব্যের পর অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা টেবিল চাপড়ান। আর প্রধানমন্ত্রীকে তার চেয়ারে হেলান দিয়ে স্পিকারের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।
