বসন্ত ছুঁয়ে গেল সংসদ অধিবেশনকেও
নিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেক উদযাপনের প্রভাব পড়ল বাংলাদেশের আইনসভায়ও। প্রকৃতির বর্ণিল ঋতু বসন্তের আগমনে বাসন্তী রঙের বসনে দেখা গেছে সংসদ সদস্যদের।
সোমবার সংসদ অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাসন্তি শাড়ি পড়ে অধিবেশন পরিচালনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামদানি শাড়ির পাড়ও ছিল বাসন্তি রঙের।
নারী সংসদ সদস্যদের মধ্যে বাসন্তি বসনের আধিক্য থাকলেও পুরুষদের মধ্যে তার প্রভাব কম দেখা গেছে।
সন্ধ্যার অধিবেশনে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ দুই-একজন বাদে উপস্থিত প্রায় সব নারী সংসদ সদস্যকে বাসন্তি শড়িতে দেখা গেছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও হালকা বাসন্তি রঙের শাড়ি পড়ে অধিবেশনে যোগ দেন। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর পরনেও ছিল একই রঙের শাড়ি।
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ছিল বসন্তের প্রভাব। পুরো সচিবালয়ের প্রায় সব দপ্তরেই অধিকাংশ নারী কর্মীদের পরনে ছিলো হলুদ বসন।
সংসদ সচিবালয়ের কর্মচারী মাহমুদুল হাসান শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বসন্তের আগমনে সবাই একটু নতুন পোশাকে অফিস করছি। অফিসে সহকর্মীরা মিলে মিষ্টিও খেয়েছি।”
