ঢাকায় ১ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪
ঢাকায় আলাদা দুই অভিযানে এক কেজি হেরোইন উদ্ধার ও চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আকতারুজ্জামান বকুল, জহিরুল ইসলাম, মোছা. রিতা বেগম ও জাহানারা বেগম। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাজধানীর ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংসাদ সম্মেলন করে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম।
তিনি বলেন, শুক্রবার ক্যান্টনমেন্ট থানা এলাকার হোটেল রেডিসন ব্লু এর পাশে অভিযান চালিয়ে আক্তারুজ্জামান বকুলকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মলদারে বিশেষ ব্যবস্থায় লুকানো আরও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তা নাজমুল আলম বলেন, মাদক কারবারীরা দেশের সীমান্তবর্তী রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে হেরোইন কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে তারা জানিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোথায় কোথায় এবং কার কার কাছে তারা হিরোইন বিক্রি করতো, আমরা তা তদন্ত করে দেখছি।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট ও শাহজাহানপুর থানায় আলাদা মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই উপকমিশনার।
