একদিন সিইসিও হবে নারী: কবিতা
প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম মনে করেন, তার এই পদে আসার মধ্য দিয়ে ভবিষ্যতে প্রধান নির্বাচন কমিশনার পদে নারীর আসার পথের প্রতিবন্ধকতা সরেছে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন নারীকে নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে স্বপ্নের পথে দ্বার উন্মুক্ত হয়েছে। ভবিষ্যতে প্রধান নির্বাচন কমিশনার পদেও একজন নারী আসবেন।”
স্বাধীনতার সাড়ে চার দশক পর এই অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে এবার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসিতে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নারী দিবসে সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি, অন্য তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান কবিতা খানমকে।
দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নির্বাচন কমিশনার পদে রয়েছি- এটাও আজকে অনেক বড় অর্জন। আবার কমিশনে সবাই সম্মান দেখিয়ে যেভাবে শুভেচ্ছায় সিক্ত করেছেন তাও বড় প্রাপ্তি।”
তিনি বলেন, “দেশের প্রায় সব খাতে নেতৃত্বের জায়গায় নারী পৌঁছেছে, বেশ দক্ষতা ও যোগ্যতার সঙ্গে অত্যন্ত সাহসী ভূমিকা রেখে যাচ্ছে।
“এখন নতুন করে নারীকে মূল্যায়ন করছি, তারা আরও সাহসী হয়ে উঠছে। আগামীতে নারীদের স্থান আরও উপরে উঠবে। যে কোনো জায়গায় আমরা সুন্দরভাবে ও দক্ষতা দেখিয়ে আসছি। ভবিষ্যতে প্রধান নির্বাচন কমিশনার পদেও একজন নারী আসবে।
“যোগ্যতা, দক্ষতা থাকলে আগামীতে সিইসি হিসাবেও কোনো নারী আসার প্রতিবন্ধকতা আর নেই; স্বপ্নেরও কোনো সীমা নেই। আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতাও নারী। আরও অনেক জায়গায় নারী দক্ষতা দেখাচ্ছেন, নেতৃত্বের দ্বারও উন্মুখ হচ্ছে।”
নারীর অগ্রযাত্রায় আগামীতে হয়ত ‘সংরক্ষিত’ পদ রাখার দরকার পড়বে না বলে মনে করেন তিনি।
কবিতা খানম বলেন, “মেয়ে সন্তানের মানুষ হিসেবে বেড়ে উঠতে পরিবারের সদস্যদেরই মানসিকতা থাকতে হবে, সহায়তা দিতে হবে, ছেলে-মেয়ের জন্য সমান সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের সামনে অনেক সুযোগ আসছে, দিন দিন ক্ষেত্রও তৈরি হচ্ছে। এখন ভূমিকা রাখতে হবে সবার।”
