‘সোনার বাংলার’ মানুষের সান্নিধ্যে আপ্লুত জয়ন্ত বোস
ঢাকায় এক সংবর্ধনায় অংশ নিয়ে বাংলাদেশের মানুষের প্রতি মুগ্ধতার কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় উচ্চাঙ্গসংগীত শিল্পী জয়ন্ত বোস।
বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সোনা রোদ এবং সোনার বাংলার কথা বহুবার শুনেছি। সোনা রোদের স্বাদ উপভোগের সুযোগ হলেও এই প্রথম সোনার বাংলার মানুষের সান্নিধ্যে আসতে পারলাম। এ আমার এ পরম সৌভাগ্য।”
বুধবার বিকালে শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে জয়ন্ত বোসকে সংবর্ধনা দেন বীণকার মিউজিক্যাল সোসাইটির অধ্যক্ষ ও সভাপতি পঙ্কজ বোস। ওই অনুষ্ঠানেই বীণকার মিউজিক্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সঙ্গীত সাধনার মাধ্যমে মানুষের মধ্যে সরলতা ও উদারভাব এবং মানবিকতাবোধ জাগ্রত হয় বলে মন্তব্য করেন আচার্য্য জয়ন্ত বোস।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর আয়োজনে তিন দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
১০ লেখক পেলেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার
এবার ১০ লেখকের হাতে তুলে দেওয়া হয় ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’। সদ্য শেষ হওয়া অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত সেরা বইয়ের জন্য দেওয়া হয় এ পুরস্কার। নবমবারের মতো এ পুরস্কার দেওয়া হয় দুটি শাখায়।
রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএ’র কান্ট্রি ট্রেজারার ও মার্কেটিং চিফ সাজেদুল ইসলাম।
এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে অনন্যা থেকে প্রকাশিত ‘উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন’ গ্রন্থের জন্য পুরস্কুত হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন, কবিতায় যৌথভাবে আবিষ্কার থেকে প্রকাশিত ‘জো’ কাব্যগ্রন্থের জন্য কবি হাবীবুল্লাহ সিরাজী ও জার্নিম্যান থেকে প্রকাশিত ‘সাত দেশের কবিতা’ অনুবাদ কাব্যগ্রন্থের জন্য কবি মুহাম্মদ সামাদ, শিশুসাহিত্যে (যৌথভাবে) কিশোর উপন্যাসে ‘হাশেম খানের ছবির গল্প মধুবক’ গ্রন্থের জন্য হাশেম খান ও ছড়ায় চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত ‘লাল জেব্রার ম্যাজিক’ ছড়াগ্রন্থের জন্য ছড়াকার লুৎফর রহমান রিটন, উপন্যাসে যৌথভাবে প্রথমা থেকে প্রকাশিত ‘প্রিয় এই পৃথিবী ছেড়ে’ গ্রন্থের জন্য কথাশিল্পী আনিসুল হক এবং কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘ডুগডুগির আসর’ গ্রন্থের জন্য কথাশিল্পী প্রশান্ত মৃধাকে পুরস্কৃত করা হয়েছে।
তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) সময় থেকে প্রকাশিত ‘প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ’ গ্রন্থের জন্য ফরিদ আহমেদ, কথাপ্রকাশ থেকে প্রকাশিত ‘মেঘ ও বাবার কিছু কথা’ গ্রন্থের জন্য দ্বিতীয় সৈয়দ হক এবং অনন্যা থেকে প্রকাশিত ‘নীল ফড়িং কাব্য’র জন্য শানারেই দেবী শানু পুরস্কৃত হয়েছেন।
‘ক’ শাখায় পুরস্কার বিজয়ীদের ক্রেস্ট ও ৩০ হাজার টাকা, ‘খ’ শাখায় পুরস্কৃতদের ক্রেস্ট ও ১০ হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, অনন্যার প্রকাশক মনিরুল হক, কথা প্রকাশের মালিক জসিম আহমেদ উপস্থিত ছিলেন।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু শুক্রবার
‘মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ’ প্রতিপাদ্যে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত ৩৬তম বার্ষিক এ অধিবেশন চলবে ১২ মার্চ পর্যন্ত।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। এ উপলক্ষে ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়।
পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা লিখিত বক্তব্যে সম্মেলন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, দেশের নানা অঞ্চল থেকে পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এ অধিবেশনে অংশ নেবে। তিন দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। উদ্বোধনী পর্ব শুরু হবে ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ’ বোধন সঙ্গীতের মধ্য দিয়ে।
সম্মেলনের দ্বিতীয় দিন ১১ মার্চ বিকেল ৫টায় থাকবে সেমিনার। এতে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভূঁইয়া ইকবাল। আলোচক থাকবেন ডা. সারওয়ার আলী ও মফিদুল হক। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি অধ্যাপক সন্জীদা খাতুন।
