২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম অনুসন্ধানে ওষুধ প্রশাসন অধিদপ্তরে দুদক দল

ওষুধ উৎপাদন, বিক্রি, আমদানি-রপ্তানি লাইসেন্স দেওয়াসহ অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে কিনা তা অনুসন্ধানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 09:09 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে একটি দল বুধবার তথ্য সংগ্রহের জন‌্য অধিদপ্তরে যান বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য‌্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুদকের প্রতিনিধি দল প্রায় দুই ঘণ্টা আলোচনা করেন।

তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানে দুদকের বেশ কিছু টিম রয়েছে, এসব টিম প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে। এর অংশ হিসেবে আমাদের দলটি আজ ওষুধ প্রশাসন অধিদপ্তরে যায়।”

এর আগে গত ৬ মার্চ পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে দুদকের এই দলটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যান।

সেখানে মাদকদ্রব্য আমদানি ও রপ্তানির ছাড়পত্র, কেনা-বেচার লাইসেন্স প্রদান, সরকারি অর্থের অপচয়, হিসাব-নিকাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান করেন তারা।