শিপিং করপোরেশন বিল সংসদে পাস
বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রতি ইউনিট শেয়ারের দাম ১০ টাকা করতে আইন সংশোধনের প্রস্তাব সংসদের অনুমোদন পেয়েছে।
বুধবার ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল-২০১৭’ সংসদে পাসের প্রস্তাব করেন নৌ-মন্ত্রী শাজাহান খান। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জাতীয় পার্টির সংসদ সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।
ফাইল ছবি
বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের ‘বাংলাদেশ শিপিং করপোরশেন অর্ডার’ রহিত হবে।
বর্তমানে শিপিং করপোরেশনের ইক্যুয়াল শেয়ারের মূল্য রয়েছে ১০০ টাকা।
বিলে বলা হয়েছে, করপোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ হবে অন্যূন এক হাজার কোটি টাকা, যা প্রতিটি দশ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।
করপোরেশনের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ৩৫০ কোটি টাকা যা ৩৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।
বিলে বলা হয়েছে, করপোরেশনের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে অনধিক ১৩ জন।
