২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৫ ‘রাজাকারের’ বিচার শুরু

যুদ্ধাপরাধ মামলায় পটুয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 02:18 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

একাত্তরে পটুয়াখালীতে আটকে রেখে নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন; আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

আসামিরা হলেন- ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

২০১৬ সালের ১৩ অক্টোবর একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধাপরাধে জড়িত হওয়ার অভিযোগ এনে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পটুয়াখালীর এই পাঁচ ‘রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সবাইকে গ্রেপ্তার করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে বলে এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রথম অভিযোগ: আটক ও নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যা।

দ্বিতীয় অভিযোগ: ধর্ষণ ও গণহত্যা।

পুরনো খবর:

পটুয়াখালীর ৫ রাজাকারের অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি