২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৫ রাজাকারের অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি   

যুদ্ধাপরাধ মামলায় পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন রেখেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 04:39 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে সোমবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। 

ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন; আসামি পক্ষে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

চমন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে আটক, নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ধর্ষণের মাধ্যমে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

২০১৬ সালের ১৩ অক্টোবর এই পাঁচ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সবাইকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।