পল্টনের কালভার্টে পড়ে নিহত প্রৌঢ়ের পরিচয় মিলেছে
রাজধানীর পল্টনে কালভার্টের খোলা মুখ দিয়ে নালায় পড়ে নিহত প্রৌঢ়ের পরিচয় মিলেছে।
নিহত সানু মিয়ার (৫৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার শেরপুর গ্রামে।
মঙ্গলবার সকালে সানুর স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন বলে মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান।
সোমবার সন্ধ্যায় পল্টনের কালভার্ট রোডের ঢাকনা খোলা একটি কালভার্টের মুখ দিয়ে নালায় পড়ে যান সানু মিয়া।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নালা থেকে সানুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সানু মিয়ার ভাতিজা মো. শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার রানা নামে তার আরেক চাচার দক্ষিণ কমলাপুরের বাসায় বেড়াতে আসেন সানু মিয়া।
সোমবার সন্ধ্যার দিকে চা খাওয়ার জন্য বের হয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “চাচার (সানু মিয়া) মানসিক সমস্যা ছিল।”
উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, “মানসিক সমস্যা থাকুক। ওই কালভার্টের মুখ খোলা না থাকলে তো এই দুর্ঘটনা ঘটতো না।”
স্বজনরা মামলা করতে রাজি না হলে পুলিশ বাদী হয়ে ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে মামলা করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ থেকে সানু মিয়ার মৃতদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় রওয়া দেন। গ্রামের বাড়িতে সানুকে দাফন করা হবে বলে ভাতিজা শাহীন জানান।
