জিয়া এতিমখানা মামলা: একাংশের পুনঃতদন্ত চান খালেদা
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার টাকার উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্তের জন্য হাই কোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া।
গত ২৭ ফেব্রুয়ারি আবেদন করা হলেও বিষয়টি মঙ্গলবার সাংবাদিকদের জানান খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া।
তিনি বলেন, আবেদনটি বুধবার শুনানির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের আদালতের কার্যতালিকায় আসবে।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন।
আইনজীবী জাকির হোসেন বলেন, “মামলার অভিযোগে বলা হচ্ছে, এই টাকা সৌদি আরব থেকে এসেছে। খালেদা জিয়া আত্মসাৎ করেছেন।
“কিন্তু প্রকৃতপক্ষে কুয়েতের আমির এই টাকা দিয়েছেন। জিয়াউর রহমানের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে তার নামে একটা ট্রাস্ট করতে তিনি এই টাকা দেন। এই টাকা খালেদা জিয়া আত্মসাৎ করেননি। লাভসহ ব্যাংকে রয়েছে। এই কারণে আমরা ওই অংশ পুনঃতদন্তের আবেদন করেছি।”
২০০৮ সালের ৩ জুলায় রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছেন- মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
খালেদা জিয়া,কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে,তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এছাড়া কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন এই মামলাটি আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে। একই আদালতে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলাও বিচারাধীন।
সবশেষ গত ২ মার্চ দুই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন থাকলেও ওইদিন তিনি সময়ের আবেদন করেন।
আবেদনে সাড়া দিয়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার আগামী ৯ মার্চ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য পরবর্তী দিন রাখেন।
