আত্মপক্ষ সমর্থনে খালেদাকে আরও সময়
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য ৯ মার্চ দিন রেখেছে আদালত।
খালেদার আইনজীবীদের করা সময়ের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই দিন ঠিক করে দেন।
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে জজ আদালতের অস্থায়ী এজলাসে এ দুই মামলার কার্যক্রম চলছে।
এদিন খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ থাকলেও তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, এই মামলা নিয়ে খালেদা জিয়ার একটি আবেদন হাই কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ৯ মার্চ খালেদার আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ রাখেন।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলা
জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর আসামিরা হলেন- বিগত চারদলীয় জোট সরকার আমলে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আসামিদের মধ্যে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
গত বছরের ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করে নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর কয়েক দফা সময় নিলেও বাকি বক্তব্য তিনি আর উপস্থাপন করেননি।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
গত ২ ফেব্রুয়ারি আদালত এ মামলার পুনঃতদন্ত চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয় এবং তিনি আত্মপক্ষ সমর্থন করবেন কি না জানতে চান।
জবাবে খালেদা আত্মপক্ষ সমর্থনে কিছুই বলবেন না জানিয়ে বিচারকের প্রতি অনাস্থা জানান। সেদিন ব্যাপক হট্টগোলের পর বিচারক খালেদার আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন তারিখ ঠিক করে দেন। পরে ১৬ ফেব্রুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাই কোর্টে আবেদন করেন খালেদা।
