তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানির তদন্ত প্রতিবেদন ৬ এপ্রিল
ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ৬ এপ্রিল নতুন তারিখ রেখেছে আদালত।
এ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া মঙ্গলবার প্রতিবেদন দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল নতুন দিন ঠিক করে দেন বলে সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানিয়েছেন।
নিজেকে ‘সানির স্ত্রী’ দাবি করে এক তরুণী চলতি বছরের ৫ জানুয়ারি ক্রিকেটার সানির বিরুদ্ধে মোহাম্মাদপুর থানায় এ মামলা দায়ের করেন।
এরপর পুলিশ ২২ জানুয়ারি সানিকে সাভার থানার আমিন বাজার থেকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।
এরপর সানির বিরুদ্ধে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেন ওই তরুণী।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ২১ বছর বয়সী ওই তরুণী অভিযোগ করেছেন, আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে তাকে তুলে নেওয়ার জন্য চাপ দিলে গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।
নারী নির্যাতন দমন আইনের মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান।
“ওই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানান তার মা। তারপর সানি ওই তরুনীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যায়।”
আর ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয়েছে সানির বিরুদ্ধে।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শেষে আদালত সানিকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তখন থেকেই কেরানীগঞ্জের সূর্যমুখী সেলে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে খেলা বাঁহাতি এই স্পিনার।
