মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই বন্ধের দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ এনে তা বন্ধের দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের একাংশ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এর আগে গত শুক্রবার সংগঠনটির অপর অংশের মানববন্ধনে পিএসসিতে ‘স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়। এ সংগঠনের সভাপতি হলেন মো. সাজ্জাত হোসেন।
বিসিএসে কোটা শিথিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
একই সাথে মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লালবই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখতে দাবি করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, “আওয়ামী লীগের আগের সরকারের গঠিত নীতিমালা অনুযায়ী ৫ লাখ ৫৭ হাজার আবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এক লাখ ৯২ হাজার মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়। এরপর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আবারও যাচাই-বাছাই শেষে ১ লাখ ৫৪ হাজার চূড়ান্ত করা হয়। এর মধ্যে ৫৫ হাজার মুক্তিযোদ্ধাকে শেখ হাসিনা নিজের হাতে স্বাক্ষর করে সনদ দেন।
প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত ওই ৫৫ হাজারসহ মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লালবই, সেনা, নৌ, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখার দাবি জানান হুমায়ুন।
যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক বলেন, “মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই নামে কিছু অনিয়ম হচ্ছে, এই যাচাই-বাছাই সুষ্ঠুভাবে করতে হবে।”
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল আমিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা কমিটির সভাপতি নুরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শাহজাহান রেজভী ও সহ-সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন।
