মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে কেন নয়: হাই কোর্ট
সরকারি চাকরিজীবী (বর্তমান ও অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধাদের সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক কেন যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার পৃথকভাবে রুল জারি করে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের সনদ যাচাইয়ের প্রয়োজন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যাচাই-বাছাই করবে বলে ২০১৪ সালের পহেলা অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “একজন গণকর্মচারী প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট গণকর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ ও এদতসংক্রান্ত প্রমাণপত্র তার চাকরি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ পূর্বক এর সঠিকতা যাচাই করে নিতে হবে। এ মন্ত্রণালয় কর্তৃক প্রত্যয়নক্রমেই এ সুযোগ প্রদান করা যাবে।”
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, “মুক্তিযোদ্ধা গণকর্মচারীর অনুকূলে ইতোপূর্বে এ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নের সঠিকতা সম্পর্কে পুনঃযাচাইয়ের আবশ্যকতা দেখা দিলে সংশ্লিষ্ট গণকর্মচারীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্যসহ যাচাইয়ের প্রস্তাব এ মন্ত্রণালয়ে প্রেরণপূর্বক যাচাই করিয়ে নেবেন।”
কিন্তু এ আদেশ উপেক্ষা করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) -এর মহাপরিচালক পৃথক একটি আদেশ জারি করেন, যা গত ৮ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়।
তাতে বলা হয়, “জামুকা কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে উপজেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম সম্পাদন করা হবে।”
এর পরিপ্রেক্ষিতে গণকর্মচারী (চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধার পক্ষে জামুকার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করেন খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ম্যানেজার এস এম সোহরাব হোসেন এবং নাটোরের অবসরপ্রাপ্ত অডিট অ্যান্ড একাউন্টস কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ দুটি আবদেনের ওপর শুনানি শেষে হাই কোর্ট পৃথক রুল জারি করে। রুলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গণকর্মচারীদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
