২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে ১৪ উপজেলা, ৪ পৌরসভায়

বাংলাদেশের সাত বিভাগের ১৪টি উপজেলা ও চারটি পৌরসভায় বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে নতুন নির্বাচন কমিশনের আয়োজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 09:54 AM

Updated : 11 Oct 2022, 01:34 PM

বিএনপির সংশয়ের মধ্যে কে এম নূরুল হুদার নেতৃত্বে নতুন ইসির যাত্রা শুরুর পর একসঙ্গে একাধিক স্থানে এটাই প্রথম নির্বাচন। এ কারণে এ নির্বাচনকে নতুন ইসির ‘ইমেজ তৈরির ভোট’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইসি কর্মকর্তারা জানান, ব্যাপক নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টায় কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

উপজেলা ও পৌরসভার এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বলে আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর অংশগ্রহণ থাকছে। তবে সকালে ভোটের শুরুতে কোথাও গোলাযোগের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, নতুন ইসি কেমন হবে, তা এই ভোটেই বোঝা যাবে। নিরপেক্ষভাবে শক্ত হাতে এ নির্বাচন করতে পারলে তা নতুন ইসিকে নিয়ে সন্দেহ কাটিয়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বিষয়টি নিয়ে ইসিও সজাগ। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ যাতে না ওঠে তা মাথায় রেখে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে।”

যেসব এলাকায় ভোট

>>> এই ১৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে এবারই প্রথম ভোট হচ্ছে।

>>> তিনটি পদেই ভোট হচ্ছে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে।

>>> বাকি ১১ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ভোট হবে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুরে।

>>> ভাইস চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জে ভোট চলছে।

>>> পাবনার ঈশ্বরদীতে ভোট হচ্ছে নারী ভাইস চেয়ারম্যান পদে।

Image
সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়।

সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়।

চার পৌরসভার মধ্যে টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ডে, পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট দিচ্ছেন স্থানীয় ভোটাররা।

নতুন ইসি ‘সতর্ক’

গত ২২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়িতে শান্তিপূর্ণ পৌর নির্বাচন হলেও তুলনামূলক বড় পরিসরে নতুন ইসির অধীনে এটাই প্রথম ভোট। গত কয়েকদিনে নির্বাচনের উপজেলা ও পৌরসভাগুলো সফর করে এসেছেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কিশোরগঞ্জের হোসেনপুর গিয়ে বলেছিলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের উপর নির্বাচন কমিশনের ইমেজ নির্ভর করছে। কারণ এটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন।”

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন নানাভাবে সমালোচিত হওয়ায় বর্তমান ইসি ‘বেশ সতর্ক’ জানিয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “বিগত কমিশনকে অনেক অভিযুক্ত করেছে মিডিয়া। বর্তমান কমিশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেছেন। কাজেই নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

আর সিইসি নূরুল হুদা গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েই বলেছিলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে আপসহীন থাকবেন তারা।