২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সার্বভৌমত্ব নিয়ে ভাবুন: চুন্নু

আইনসভায় পাস হওয়া আইন আদালতের রায়ে বাতিলের প্রেক্ষাপটে সংসদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আইনপ্রণেতাদের ভাবতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 11:32 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় দাঁড়িয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এই বিষয়টি নিয়ে আলোচনা তোলেন।

চুন্নু বলেন, “প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে মহামান্য রাষ্ট্রপতি যখন একজন বিচারককে নিয়োগ দেন, তখন সংবিধান বা নীতির প্রশ্ন আসে না। নিয়োগ পেয়ে চেয়ারে বসার পরেই তিনি এই সংসদের আইন বাতিল করে দেন।

“কাজেই সংসদের মান, সার্বভৌমত্ব কীভাবে আমরা নিরাপদ করতে পারব- চিন্তা-ভাবনা করার এখনই সময়।”

“এই যে বক্তব্য রাখছি ভবিষ্যতে মামলা হলে বিচারকরা আমাকে ছাড়বেন না”- চুন্নু একথা বলার পর অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “মাননীয় মন্ত্রী ইউআর ইমিউনড। কিচ্ছু করতে পারবেন না।”

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কর্তৃত্বে এনে গত বছর সংবিধান সংশোধনের পর তা আদালত বাতিল করে দিলে সংসদে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল।

Image
জাতীয় সংসদের ফাইল ছবি

জাতীয় সংসদের ফাইল ছবি

চুন্নু বলেন, “আমরা জনগণের প্রতিনিধি। তাদের প্রতিনিধি হিসেবে আমরা এই সংসদে আইন পাস করি। আর এই আইন পাস করার পরদিন যদি হাই কোর্ট রিট করে আইনগুলো বাতিল করে দেয়, নাল এন্ড ভয়েড করে দেয়। তাহলে তো প্রশ্ন উঠবে পার্লামেন্ট কী? পার্লামেন্টের পরিধি কী?

“খুব দুঃখজনক। অনেকগুলো আইন এই সংসদে পাস হাওয়ার পরপরই একজন থার্ড-পার্সনকে দিয়ে রিট করিয়ে হাই কোর্ট সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়। এমনকি মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ আমরা যখন পুনর্বহাল করলাম-সেটাকেও নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করা হল!”

বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার স্পিকার মো. আবদুল হামিদের একটি রুলিং এবং এ সংক্রান্ত আদালতের রায় তুলে ধরেন নিম্ন আদালতের সাবেক বিচারক চুন্নু।

“আগে যিনি স্পিকার ছিলেন তার রুলিংকেও তারা (হাই কোর্ট) নাল অ্যান্ড ভয়েড হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। চিন্তা করার সময় এসেছে সংসদের মর্যাদা আমরা রাখব কি রাখব না, রাখতে পারব কি পারব না।”

বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে বাতিল হওয়ার বিষয়টি আসে তার কথায়।

“যে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করল, যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারালে প্রধানমন্ত্রীও তার পদে থাকতে পারেন না, সেখানে সংসদ একজন বিচারককে ইমপিচ করতে পারবে না- এ রকম কোন হাদিস বা আইন পৃথিবীতে আছে কি না, জানি না।”

“শুধু একটাই জানি পাকিস্তানে একটা সিস্টেম আছে; সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পৃথিবীর আর কোথাও এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নেই। এসব দেশে কোনো বিচারক অভিযুক্ত হলে সংসদ তাতে ইমপিচ করে।”

Image
প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

“একটা স্বীকৃত কথা আছে যে, কোনো ব্যক্তি তার নিজের পদের বিষয়ে রায় দিতে পারেন না। কিন্তু আজকে আমাদের উচ্চ আদালতে এই কাজটিই হচ্ছে,” বলেন তিনি।

জাতীয় পার্টির নেতা চুন্নু বলেন, ক্ষমতায় আসার আগে জাতির কাছে আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এসে তারা ’৭২ এর সংবিধান পুনর্বহাল করবে। ষোড়ষ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে সংসদীয় অভিসংশন পদ্ধতি সরকার পুনর্বহাল করে।

“দুঃখ ও পরিতাপের বিষয় এই সংশোধনীর পর আদালতের হাই কোর্ট বিভাগে রিট করা হয়, তাতে একটি বৃহত্তর বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে ওই সংশোধনীটিকে অবৈধ ঘোষণা করার সাথে সাথে জনৈক বিচারক ইমপিচমেন্ট সিস্টেমকে ঐতিহাসিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।”

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে ৪০৩ জন এমপি এই সংসদে বসে যে সংবিধান তৈরি করেছিলেন- সেই সংবিধানে এই অনুচ্ছেদটি ছিল। আর এটাকে একজন বিচারক বলেন ঐতিহাসিক দুর্ঘটনা। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।”

এই রায় প্রদানকারী অন্যতম বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী চুন্নু।

“ওই বিচারপতিকে ৪৬ জনকে ডিঙ্গিয়ে বিএনপি নিয়োগ দিয়েছিলেন। আর তার সাথে একমত পোষণ করা বিচারপতিকে আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছিল।”

এই প্রসঙ্গে ২০০৬ সালে বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্ক বনাম বাংলাদেশ সংক্রান্ত মামলার রায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বেআইনি ঘোষণার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী চুন্নু।