২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু ৯ মার্চ

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করতে টানা তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ (এনএইচএসপিসি)’।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 09:18 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

রোববার আগারগাঁও আইসিটি টাওয়ার বিসিসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ আয়োজনে এবার বাছাই পর্বে ১৬ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবে আশা প্রকাশ করেন পলক।

আগামী ৯ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোর অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনের পর্দা ওঠবে এবং আগামী এপ্রিলে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে এ প্রতিযোগিতার পর্দা নামছে।

২০১৫ সালে বাছাই পর্বে ৯৯৭টি দল এবং ২০১৬ সালে এক হাজার ৬০০ এর বেশি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

পলক বলেন, “এ বছর আমরা আরও বড় পরিসরে আয়োজন করতে উদ্যোগী হয়েছি। এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপাশি ৩টি উপজেলায়ও এ আয়োজন চলবে।”

এ বছর হাইস্কুলে প্রোগ্রামিং এর পাশাপাশি মেয়েদের জন্য ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট এবং শিশুদের জন্য জাতীয় শিশু কোডিং উৎসবের আয়োজন থাকছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আগামী দিনে শিক্ষার্থীদের বিশ্বমানের প্রোগ্রামার হতে পারে সে জন্য শক্ত ভিত্তি তৈরি করা এ আয়োজনের উদ্দেশ্য, বলেন পলক। 

এবার প্রচারণামূলক অ্যাক্টিভেশন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছাড়াও জাতীয় প্রোগামিং ক্যাম্প,বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আইওআই ক্যাম্প থেকে নির্বাচিত ৪ জন এ বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এ অংশগ্রহণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিযোগিতার বিচার কাজের জন্য দেশে তৈরি আন্তর্জাতিক জাজ ইঞ্জিন কোডমার্শাল (www.codemarshal.org) ব্যবহৃত হবে। এরই মধ্যে www.nhspc.org নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সক্রিয় আছে প্রতিযোগিতার ফেইসবুক পেইজ www.facebook.com/nhspcbd এবং ফেইসবুক গ্রুপ https://www.facebook.com/groups/NHSPC।

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে বিশ্বমানের প্রোগ্রামার তৈরির সংস্কৃতি আরও বিকশিত হবে আশা প্রকাশ করে পলক বলেন, “পশ্চিমা দেশগুলোতে যে প্রোগ্রামারের চাহিদা বাড়ছে তার জোগানদাতা দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। শুধু তাই নয়, বড় বড় আইসিটি ইন্ডাস্ট্রিতেও বাংলাদেশের পদচারণা আরও বাড়বে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নব-নিযুক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক,বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অন্যান্যরা।