২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুপারিশকারী এনবিআর সদস্যকে জিজ্ঞাসাবাদ

ফ্লাই দুবাইয়ের জন্য চুক্তি বহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত আমদানির পক্ষে সুপারিশ করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. নাসির উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

রোববার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগটির অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক সালাহ উদ্দিন আহমেদ এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন নাসিরকে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাই দুবাই নামে আরব আমিরাতের একটি এয়ারলাইন্সের সুবিধার্থে চুক্তি বহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত আমদানির পক্ষে নাসির উদ্দীন মতামত দেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের প্রায় ৩৪ কোটি ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।”

সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে নাসিরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।

গাড়ি চারটির বিষয়ে প্রণব জানান, ২০১৪ সালে ৬৬০০ সিসি’র একটি রোলস রয়েস ও একটি মার্সেডিজ বেঞ্জ, আর ২০১৫ সালের একটি রেইঞ্জ রোভার ও একটি ল্যান্ড রোভার গাড়িগুলোর জন্য সুপারিশ করেন তিনি।