২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আইএস-আল কায়দার ছায়া দেখছে যুক্তরাষ্ট্র 

বাংলাদেশে গুলশান হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে আইএস-আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ রয়েছে বলে মনে করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 11:45 AM

Updated : 19 Aug 2022, 03:54 PM

২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এই দাবি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে, যারা নিজেদের দায়েশ (আইএস) ও আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সহযোগী বলে দাবি করে।

গত বছরের গুলশান হামলাসহ এর আগে-পরে অনেকগুলো হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কখনও আইএস এবং কখনও আল কায়দার নামে বার্তা এসেছিল।

তবে বাংলাদেশ সরকার ওই সব বার্তা উড়িয়ে দিয়ে বলে আসছে, দেশি জঙ্গিরাই হত্যাকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নাম ভাঁড়াচ্ছে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার লক্ষ্যবস্তু ছিলেন বিদেশিরা; এর আগে বিদেশি ছাড়াও হত্যাকাণ্ডের শিকার হন ব্লগার, লেখক, অধ্যাপক, ভিন্ন মতবালম্বী মুসলিম, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, সমকামী অধিকারকর্মী।

Image
গুলশান হামলার দায় স্বীকার করে এমন বার্তা এসেছিল আইএসের নামে

গুলশান হামলার দায় স্বীকার করে এমন বার্তা এসেছিল আইএসের নামে

গুলশান হামলার পর জঙ্গি দমনে কঠোর অভিযানে নামে সরকার। র‌্যাব-পুলিশের অভিযানে মারা পড়েন শীর্ষ বেশ কয়েকজন জঙ্গিনেতা।

এসব অভিযান নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রশ্ন তোলার অভিযোগের কথাও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, অভিযানের কারণে বিচার বহির্ভূত হত্যা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আটক করে অর্থ দাবির ঘটনাও ঘটছে।

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক প্রশাসনের কার্যকর কর্তৃত্ব রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পুরনো খবর:

গুলশান হামলা: আরও ৮ জনকে খুঁজছে পুলিশ