‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার’ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার’ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এর পরে টিএসসি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বঙ্গবন্ধু সময়কে গুরুত্ব দিতে, সময়ের স্দ্ব্যবহার করেছেন বলেই তিনি ৫০ বছরের সংক্ষিপ্ত জীবনে একটি স্বাধীনতা উপহার দিয়েছেন। তাই শিশু কিশোরদের মনে রাখতে হবে সময়ের সদ্ব্যবহার করবে, ঠিকমত কাজ করলে তোমাদের মধ্যে থেকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ খুঁজে পাবে।”
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে।”
সংগঠনের সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ প্রমুখ।
আলোচনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অংশ নেয় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নেতাকর্মীরা।
