২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি অপপ্রচারের বই বাংলাদেশে নিষিদ্ধ হবে: বাণিজ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস ‘বিকৃতকারী’ পাকিস্তানের লেখক জুনাইদ আহমাদের বই ‘ক্রিয়েশনস অফ বাংলাদেশ: মিথস এক্সপ্লোডেড’ বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বলেন, “বইটা বাজেয়াপ্ত করা একান্ত দরকার। এই বই আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লিখেছে। তারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে। সেই দোষ বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে। তারা মা-বোনের ইজ্জত লুট করেছে। বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সেটাও আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তার মানে তারা হল দুধে ধোয়া।

“এই ধরনের বাজে বাজে লেখা। অর্থাৎ প্রকৃত চিত্রকে একটা ভিন্ন খাতে... ওরা যে দোষী, ওরা যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে... ।”

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক বইটি সম্প্রতি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনে পাঠান।

তোফায়েল বলেন, “একজন বই লিখেছে। আইএসআই সরকারের অংশ। তারা এই বই আমাদের দূতাবাসে পাঠিয়েছে। তার মানে সরকার এই বই ধারণ করছে। তারা বিবৃতি দিয়ে বলুক, এই বইয়ের সাথে তাদের সম্পর্ক নাই। এই আইএসআই বাংলাদেশের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। সেই আইএসআই আমাদের দূতাবাসে পাঠিয়েছে।

“এই বই বাজেয়াপ্ত হবে। এই বই বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে এই বই চলবে না।”

আগের দিন সংসদে বক্তব্যে ওই বই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তোফায়েল আহমেদ।

একাত্তরে আন্তর্জাতিক গণমাধ্যমে মুক্তিযুদ্ধে গণহত্যার বিভিন্ন ছবি দেখিয়ে তিনি বলেন, “রিকশাওয়ালার মৃতদেহ পড়ে আছে। একই ছবিটাকে তারা (বইটিতে) ক্যাপশন করেছে, ১৯৭১ সালে মুক্তিবাহিনীর ম্যাসাকার। হাজার হাজার ডেডবডি পড়ে আছে। লিখেছে, মুক্তিবাহিনী হাজার হাজার লোককে হত্যা করেছে।”

এই ধরনের ইতিহাস বিকৃতির পিছনে পাকিস্তানিদের হীনমন্যতা কাজ করেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী: “আসলে বাংলাদেশ অনেক উপরে। সামাজিক খাত, অর্থনৈতিক খাতে অনেক উপরে। পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।”

এই বই পাকিস্তানের মিথ্যার বেসাতির প্রমাণ দেয় মন্তব্য করে তিনি বলেন, “ওদের হামুদুর রহমান কমিশনের প্রতিবেদনে গণহত্যার কথা উল্লেখ আছে। তারা যে মিথ্যার ওপর চলে-এই বই তার আরেকটি প্রমাণ। তাদের সরকারই হামিদুর রহমান কমিশনকে দায়িত্ব দিয়েছিল। সারা পৃথিবী জানে কিভাবে বাংলাদেশে গণহত্যা হয়েছে।”