চলতি বছর ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত এক প্রশ্নে তিনি জানান, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট নয় লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং সাত লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠিয়েছে।
“বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।”
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরব থেকে ২০১৫-১৬ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ (ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত) সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।’
৯৭ % এর বেশি ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, বর্তমানে দেশীয় চাহিদার শতকরা ৯৭ ভাগের বেশি ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ এবং ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে দেশীয় ৫৪টি কোম্পানি ১২৩টি দেশে মোট ৮৩৬ কোটি ৮১ লাখ টাকার ওষুধ রপ্তানি করেছে।
বর্তমানে দেশে ২৬৮টি অ্যালোপ্যাথি, ২৬৭টি ইউনানী, ২০৭টি আর্য়ুবেদিক, ৭৯টি হোমিওপ্যাথি ও ৩২টি হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বলে আরেক প্রশ্নে জানান মন্ত্রী।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
