২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের টানে সিরিয়ায় গিয়ে নিহত তরুণের কথা বললেন মা

১৮ বছর বয়সে হঠাৎ পাল্টে যায় অনুসন্ধিৎসু মনের সাবরি বেন আলী, আইএসের টানে বেলজিয়ামে বাবা-মায়ের ঘর ছেড়ে পাড়ি জমান সিরিয়ার যুদ্ধক্ষেত্রে-তিন মাস পর ফোনে আসে তার অধ্যায় শেষ হওয়ার খবর।

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 08:28 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

আইএসের নেতা আবু বকর আল-বাগদাদীর খেলাফতে আকৃষ্ট হয়ে যেসব তরুণ-তরুণী ইউরোপের বিভিন্ন দেশ ছেড়ে ইরাক-সিরিয়ায় গিয়েছিলেন, তাদেরই একজন সাবরি তিউনিশীয় বংশোদ্ভূত।

বেলজিয়ামে জন্ম নেওয়া এই তরুণ বেড়ে উঠেছেন যে মায়ের স্নেহে- সালিহা বেন আলী দুই দশক ধরেই জড়িত নানা সামাজিক কর্মকাণ্ডে। তাই পারিবারিক গোড়ামি থেকে তার এই পরিবর্তন মেনে নিতে নারাজ মা সালিহা বেন আলী।

তবে মুসলিম হওয়ায় এক ধরনের ভীতি তাকে তাড়া করত, তার সুযোগই উগ্রবাদীরা নিয়ে নেয় বলে মন্তব্য তার।

উগ্রবাদী উন্মাদনায় ছেলে হারানো সালিহা এখন বিশ্বজুড়ে ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন। হয়ে উঠেছেন এভাবে সন্তান হারানো অসংখ্য নারী-পুরুষের ঘুরে দাঁড়ানোর রোলমডেল।

তিন বছর আগে বেলজিয়ামে সোসাইটি অ্যাগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম (সেভ) গড়ে তোলা এই নারী মঙ্গলবার হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক আলোচনায়।

তার মতে, পটভূমি ভিন্ন হলেও জঙ্গি সংগ্রহের কাজ বিশ্বের সব জায়গায় প্রায় একই ধরনের। এই কারণেই প্রায় সব দেশ থেকে কর্মী সংগ্রহ করতে পারছে আইএস।

“আমার কাছে উগ্রবাদী গ্রুপে ‍যুক্ত হওয়া কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক ব্যাপার নয়। এটা ব্যক্তিত্বের প্রশ্ন। এটা কেবল নিরাপত্তার প্রশ্নও নয়। আমাদের ভাবতে হবে এবং উপায় বের করতে হবে। সেটা করতে হবে সমাজের সব অ্যাক্টরকে সঙ্গে নিয়ে- স্কুল, পরিবার, সরকার, রাজনীতিক, ধর্মীয় নেতা সবাই থাকবে সেখানে।”

সালিহা তার সংগঠনের মাধ্যমে বেলজিয়ামের মুসলিম তরুণদের জঙ্গিবাদ থেকে দূরে রাখতে গত সাড়ে তিন বছর ধরে মায়েদের স্কুল ও অ্যানিমেশন স্কুলসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

সকালে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন আয়োজিত ‘ক্যাম্পেইন টু কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম- শেয়ারিং লার্নিং ফ্রম সোসাইটি অ্যাগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম (সেভ) বেলজিয়াম’ শীর্ষক অনুষ্ঠানে ছেলের জঙ্গি হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন সালিহা।

তিনি বলেন, সব কিছু স্বাভাবিক থাকলেও সাবরির মধ্যে একটা ভীতি কাজ করত- বেলজিয়ামে নিজের কোনো ভবিষ্যত নেই বলে মনে করত সে।

মুসলিম হওয়ার কারণে তিনটি ভাষা জানার পরও চাকরি হবে না এবং ‘শক্ত মনিটরিংয়ের’ মধ্যে যাওয়ার শঙ্কা ছিল তার।

“সে বলত চাকরি হলেও দাসের মতো হবে। এরপর সেনাবাহিনীতে ও ফায়ার সার্ভিসে গিয়ে তার চাকরি হয়নি। তারপর সে পড়াশোনা থেকে বিরতি নিয়ে পরে আবার শুরু করার কথা বলে।”

এরপর মসজিদে গেলেও ভাষা জটিলতার কারণে ইমামের কাছ থেকে সাবরি তেমন সহযোগিতা পাননি। ইমাম আরবিতে বলতেন, কিন্তু তিনি জানতেন ডাচ ও ফ্রেঞ্চ। এ থেকে তিনি পড়ে যান ইসলামিক স্টেটের জঙ্গি সংগ্রহকারীদের খপ্পরে।

সালিহা বলেন, প্রথম পর্যায়ে তারা বোঝায় আরবি শেখার জন্য তোমাকে ‘শাম’ দেশে (সিরিয়া) যেতে হবে। পরে আস্তে আস্তে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তাকে যুক্ত করে ফেলে।

“একদিন তাওহীদ নামে একটি বই নিয়ে এসে সাবরি বলে, মসজিদে ঠিকমতো ইসলাম চর্চা করা হয় না। এটাই আসল ইসলাম।”

ছেলের পরিবর্তনের বর্ণনা দিয়ে তিনি বলেন, “সে ভুল মানুষের সঙ্গে, ভুল সময়ে সাক্ষাৎ করেছে। এই সময়ে সে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স পায় বেশি, সে নিজে নিজের মতো ইসলামকে শিখতে চায় এবং নিজের পথ বেছে নেয়।

“যে গ্রুপের সঙ্গে সে মিশে, যাদেরকে আমি তার চলে যাওয়ার পর আবিষ্কার করি, সব সময় ষড়যন্ত্র তত্ত্বের কথা বেশি বলত। এটা তাদের সেক্টারিয়ান টেকনিক, সাবরিকে পরিবার ও কমিউনিটি থেকে আলাদা করার জন্য।”

সাবরি প্রথম প্রথম অনেক কিছু শেয়ার করত, কিন্তু এক পর্যায়ে এসে চুপ হয়ে যায় জানিয়ে তিনি বলেন, “এই পরিবর্তনটা তার মধ্যে খুব দ্রুতই ঘটে। সে নিজের মতো ধর্ম চর্চা শুরু করে এবং দুই মাসের মাথায় সিরিয়ায় পাড়ি জমায়। এমন পরিবর্তন তার হয়, যেখান থেকে ফিরে আসার সুযোগ তার ছিল না।

“তারা তাকে বলে, যদি তুমি ভালো মুসলিম হতে চাও, তোমাকে হিজরত করে সিরিয়ায় যেতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে।”

সাবরির এ ধরনের পরিবর্তন ধর্ম চর্চা কিংবা মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে ঘটেনি মন্তব্য করে তিনি বলেন, “আমি বিচলিত হয়ে পড়েছিলাম। তখন সে আমাকে বলে, এটা আসল ধর্মচর্চা। সে গান শোনা এবং খেলাধুলা থেকে সরে আসে, বাসায় টেলিভিশন চালাতেও নিষেধ করে, পুরাতন স্মৃতি মনে করানোর মতো ছবিও দেখছিল না।”

‘সেভ’ প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করে সালিহা বলেন, “তারা ভাবতো এটা পারিবারিক শিক্ষার কারণে হচ্ছে এবং কেবল মুসলিম সম্প্রদায়ের সমস্যা। প্রধানমন্ত্রী কিংবা সরকারি অন্যান্য দপ্তরে গেলে এটাই বলা হত।

“তারা আমাদের চেয়ে ভিন্নভাবে চিন্তা করত, বলত এটা পরিবারের সমস্যা, তোমাদের সমাধান করতে হবে। তখন আমরা দেখছি কেবল যারা তিউনিসিয়া বা অন্যান্য দেশ থেকে আসছে তারা নয়, যারা বেলজিয়ান তাদের অনেকেও সিরিয়ায় যাচ্ছে।”

আক্রান্ত পরিবারের জন্য ‘কেবল নীরব’ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু আমাদের এটা নিয়ে কথা বলা প্রয়োজন। এজন্য আমি প্যারেন্ট স্কুল খুলেছি। এর মাধ্যমে মনোবিজ্ঞানীর কাছ থেকে আমাদের ইমোশন ট্রাজেডি নিয়ে কাউন্সেলিং শুরু করি।”

নিজের ছেলের জন্য মনোবিজ্ঞানীর কাছে গিয়ে তেমন সাড়া পাননি জানিয়ে তিনি বলেন, “আমি মনোবিজ্ঞানীর কাছে কাছে যাই, তখন সে বলে, আমি কিছু করতে পারব না, এটা অনেক মাত্রা ছাড়িয়েছে। তোমার নিজের বেঁচে থাকার উপায় নিজেকে বের করতে হবে।”

নিজের মতো আক্রান্তদের সহায়তার লক্ষ্যে সংগঠন করার কথা জানিয়ে সালিহা বলেন, “প্রথমে আমি মুসলিম পরিবারকে সচেতন করার জন্য মিডিয়ায় বলা শুরু করলাম, র‌্যাডিকালাইজেশন সায়েন্সের প্রশ্নে। বললাম, এটা ইসলাম নয়, উগ্রবাদ। এখান থেকে বের হওয়ার উপায় আমাদের সন্ধান করতে হবে। এটা ছিল ভালো উপায়, আমার ট্রাজেডিকে অন্য কাজে ব্যবহারের জন্য।”

এক্ষেত্রে মায়েদের স্কুল, শিশুদের জন্য জঙ্গিবাদবিরোধী অ্যানিমেশন স্কুলসহ বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন তিনি।

অ্যানিমেশন স্কুলে কেবল ধর্মীয় বিষয় শেখানো হয় না জানিয়ে তিনি বলেন, “আমরা বৈষম্য, বর্ণবাদ প্রভৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপর গুরুত্ব দিই। আমি কোরান, ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু আমি মনে করি না, এটাতে মূল ফোকাস হতে পারে।”

কয়েকটি খ্রিস্টান পরিবারকেও প্যারেন্ট স্কুলে সম্পৃক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “যখন তারা আমার গল্প শোনে তখন বলে, ‘‍সাবরিতো আমিও হতে পারতাম’, ‘আমার মাও সাবরির মায়ের মতো হতে পারত।’

“মা-সন্তানের এই সম্পর্কের ক্ষেত্রতো কেবল ধর্মীয় জায়গা নয়, এ কারণে মিক্স রিলিজিওন গ্রুপের কাছেও এমন আহ্বান নিয়ে যাওয়াতে কোনো বাধা নেই।”

অনুষ্ঠানে ‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে সাংবাদিক জুলফিকার আলী মানিক বলেন, ইসলামিক রিপাবলিক থেকে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হলেও বঙ্গবন্ধুকে হত্যার পর আর সে অবস্থায় থাকেনি।

“বাংলাদেশে কেবল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, গণতান্ত্রিক কার্যক্রমে যুক্ত অনেক দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতাও তারা পেয়েছে।”

এ প্রসঙ্গে এরশাদের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম করা এবং ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলায় ‘পৃষ্ঠপোষকতার’ কথা তুলে ধরেন তিনি।

মানিক বলেন, ১৯৯২ সালে হরকাতুল জিহাদ প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম শুরু করলেও রাজনৈতিক দলগুলো সেভাবে প্রতিরোধে এগিয়ে আসেনি।

২০১৩ সাল থেকে মুক্তমনা লেখক, ব্লগার ও পুরোহিতসহ বিভিন্ন ব্যক্তিকে হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদের ‘দ্বিতীয় ধাপের’ কার্যক্রম পরিলক্ষিত হয় মন্তব্য করে তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে কেবল মাদরাসা থেকে পড়ুয়ারা জঙ্গিবাদে জড়ায় এমন ধারণার পরিবর্তন হয়েছে।

“হলি আর্টিজানে হামলার মাধ্যমে অনেক আধুনিক ও সেকুলার পরিবারের সন্তানকেও জঙ্গিবাদে জড়িত হিসাবে পেয়েছি।”

জঙ্গিদের নেটওয়ার্ক সর্বত্র বিস্তৃত মন্তব্য করে তিনি বলেন, “তারা শুধু কিছু হামলার ঘটনা ঘটাচ্ছে না। সাংস্কৃতিক পরিবর্তনটা করে দিচ্ছে। সংস্কৃতি পরিবর্তনের এই ধারা প্রতিরোধ করতে হলে কেবল পুলিশ দিয়ে কিছু হামলা ঠেকালে বা হামলার পর ব্যবস্থা নিলে হবে না। তৃণমূল থেকে শুরু করে সর্বত্র ধর্মনিরপেক্ষ বা সেকুলার শিক্ষা ও সচেতনার বিকাশ ঘটাতে হবে।”

‘কেন যুবকরা সন্ত্রাসবাদ/জঙ্গিবাদে জড়াচ্ছে’ শীর্ষক আরেক প্রবন্ধে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোবিজ্ঞানী ড. মেখলা সরকার বলেন, “এখন পর্যন্ত হওয়া গবেষণার সাহিত্য পর্যালোচনা করে তরুণদের জঙ্গিবাদে জড়ানোর তিনটি কারণ খুঁজে পাওয়া যায়। সেগুলো হচ্ছে- নিজস্ব পরিচিতি ও একাত্মতার প্রয়োজনে, অবিচারের শিকার হওয়া এবং কোন একটি মতাদর্শকে একমাত্র হিসাবে গৃহীত হওয়ার প্রবণতা।”

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, “শুধু পারিবারিক বিষয় না। সরকার উগ্রবাদ প্রতিরোধে ভূমিকা রাখতে পারছে কি নীতিগ্রহণ করছে সেটাও গুরুত্বপূর্ণ। কেবল পুলিশি প্রতিরোধ নয়, সামাজিক উদ্যোগের যে কথা বলা হচ্ছে সেটাও গ্রহণ করতে হবে।”

ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিরা রহমান বলেন, “আমরা চেয়েছি একটা ডায়ালগের প্ল্যাটফর্ম তৈরি করার। উগ্রবাদের শেকড় সন্ধানের জন্য প্রত্যক্ষ অভিজ্ঞতা পাওয়া সালিহা বেন আলীর মুখোমুখি হয়েছি।”

আমেরিকান সেন্টার’র সহযোগিতায় আয়োজিত ওই সেমিনারে অন্যদের মধ্যে নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুর রশীদ, আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান বি. ম্যাককনেল, নারীপক্ষের সদস্য শিরীন হক, সাংবাদিক সেলিম সামাদ বক্তব্য দেন।