‘ঘুষ নেওয়ার সময়’ গ্রেপ্তার উপসচিবের জামিন ফের নাকচ
‘ঘুষ নেওয়ার সময় হাতেনাতে’ গ্রেপ্তার সড়ক ও জনপথ বিভাগের উপসচিব মিজানুর রহমানের জামিন ফের নাকচ করেছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ (মহানগর দায়রা জজ) কামরুল হোসেন মোল্লার আদালতে মঙ্গলবার তার জামিন আবেদনের শুনানি হয়।
শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দিয়েছেন বলে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মাইনুদ্দিন নামে সড়ক ও জনপথ বিভাগের এক ইজারা গ্রহীতার অভিযোগের ভিত্তিতে গত ৮ জানুয়ারি রাতে ফাঁদ পেতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকার একটি রেস্তোরাঁ থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ মিজানকে আটক করে দুদক।
পরদিন আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন সওজের এই উপসচিব। আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
এবারের আবেদনে মিজানুরকে নিদোর্ষ এবং ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে দাবি করে সড়ক ও জনপথ বিভাগের এই উপসচিবের জামিন চান তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ফয়েজ আহমেদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে বলা হয়, ‘ইজারাদার পেট্রোল পাম্পের মালিক মাইনুদ্দিন ঘুষ হিসেবে যে নোটগুলো দিয়েছিলেন, তার নম্বর আগেই দুদককে সরবরাহ করেছিলেন। যে নম্বরগুলো উপসচিবের হাতে পাওয়া যায়, তার নম্বরের সঙ্গে সরবরাহ করা নম্বর মিলে যায়। এখানে ষড়যন্ত্রের পূর্ব শত্রুতার কোনো সুযোগ অথবা প্রশ্ন ছিল না।’
ইজারাদার মাইনুদ্দিনের অভিযোগ, একটি তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজান, পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন।
দ্বিতীয় দফার ঘুষ দাবি করার পর দুদকের কাছে অভিযোগ করেন মাইনুদ্দীন। দুদক অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্ত চালায়।
বিষয়টি অনুসন্ধানে দুদকের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মিজানকে মাইনুদ্দিনের মাধ্যমে খিলগাঁও এর ওই ফাস্টফুডের দোকানে আসতে বলা হয়। দুদক টিম সেখানে অবস্থান নেয়।
রাত ৯টার দিকে মিজান ইজারা গ্রহীতা মাইনুদ্দীনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিলে দুদক কর্মকর্তারা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
