২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ফাঁদে উপসচিব

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজন উপসচিবকে গ্রেপ্তারের দাবি করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 11:04 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

গ্রেপ্তার উপসচিব মিজানুর রহমান সড়ক ও জনপথ বিভাগে কর্মরত বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকার একটি খাবারের দোকান থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।

মাইনুদ্দিন চৌধুরী নামের একজন ইজারাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে ওই উপসচিবকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

মাইনুদ্দিনের অভিযোগ, একটি তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজান, পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন।

“মাইনুদ্দিন অভিযোগ করলে কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মিজানকে খিলগাঁও এর ওই ফাস্টফুডের দোকানে আসতে বলা হয়। দুদক টিম সেখানে অবস্থান করছিল। মিজানুর রহমান সেখানে এলে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়,” বলেন প্রণব।

বর্তমানে ওই উপসচিব খিলগাঁও থানা হাজতে রয়েছেন। সোমবার তাকে আদালতে নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক।