২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ নেওয়ার সময়’ গ্রেপ্তার উপসচিব কারাগারে

‘ঘুষ নেওয়ার সময়’ হাতেনাতে গ্রেপ্তার উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 05:04 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

সড়ক ও জনপথ বিভাগের এই উপসচিবকে রোববার ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন।

সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মিজানুর জামিন চাইলে সে আবেদন নাকচ করে হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নজিবুল্লাহ হীরুসহ আসামির আইনজীবীরা দাবি করেন, মিজানুরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

তার বিপরীতে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ইজারাদ পেট্রোল পাম্পের মালিক মাঈনুদ্দিন চৌধুরী যে নোটগুলো মিজানুরকে দিয়েছিলেন, তার নম্বর আগেই দুদককে সরবরাহ করেছিলেন।

“যে নম্বরগুলো উপসচিবের হাতে পাওয়া টাকায় ছিল, তার নম্বরের সঙ্গে সরবরাহ করা নম্বর মিলে গেছে। এখানে ষড়যন্ত্রের কোনো সুযোগ অথবা প্রশ্ন ছিল না।”

মাইনুদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে ওই উপসচিবকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টচার্য জানিয়েছিলেন।

মাইনুদ্দিনের অভিযোগ, একটি তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজান, পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন।

মাইনুদ্দিন অভিযোগ করলে কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মিজানকে খিলগাঁও এর একটি ফাস্টফুডের দোকানে আসতে বলা হয়। দুদক টিম সেখানে অবস্থান করছিল।

মিজানুর রহমান সেখানে এলে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রণব ভট্টাচার্য জানান।

পুরনো খবর:

দুদকের ফাঁদে উপসচিব