অফিসিয়াল ই-মেইল ব্যবহার করছেন না এমপিরা
সংসদ সদস্যদের অধিকাংশই অফিসিয়াল ই-মেইল একাউন্ট ব্যবহার করছে না বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তবে নিয়মিত ব্যবহার করার জন্যে সাংসদের বিষয়টি নজরে আনার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
‘আমার এমপি ডটকম’ নামে ওয়েবসাইটের একজন সদস্যেরর চিঠির জবাবে একথা বলেন ডেপুটি স্পিকার।
বাংলাদেশের সব এলাকার সংসদ সদস্যদের সঙ্গে জনগণের মেলবন্ধন গড়তে ওয়েবসাইট ‘আমার এমপি ডটকম’ আগামী ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত গত ৮ ফেব্রুয়ারি ডেপুটি স্পিকারের কাছে জানতে চান যে parliament.gov.bd এই ডোমেইনের অধীনে খোলা সংসদ সদস্যদের অফিসিয়াল ইমেইল একাউন্টটি ব্যবহার হচ্ছে কি না?
সোমবার উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেপুটি স্পিকারের জবাব পাওয়ার কথা জানানো হয়।
চিঠিতে ডেপুটি স্পিকার লিখেছেন, “আমি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে সংসদ সদস্য। হিসেবে জাতীয় সংসদ কর্তৃক প্রদত্ত অফিসিয়াল ই মেইল একাউন্টটি ব্যবহার করা হচ্ছে না।
“তবে deputy.speaker@parliament.gov.bd নামে একাউন্ট সচল রয়েছে, যা আমি নিয়মিত ব্যবহার করি।”
অফিসিয়াল একাউন্টগুলো নিয়মিত ব্যবহারের অনুরোধ সংসদ সদস্যচদের জানাবেন বলে চিঠিতে প্রতিশ্রুতি দেন তিনি।
গত ২১ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে আমার এমপি ডটকম সদস্য সুশান্ত জানান, আগামী সংসদ নির্বাচনে ‘আমার এমপি ডটকম’ হবে একটি ইউনিক সাইট, যেখান থেকে যে কোনো এমপি পদপ্রার্থী সম্পর্কে ভোটাররা বিশদ জানতে পারবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
