সাংসদ-জনগণের মেলবন্ধনে আসছে ‘আমার এমপি ডটকম’
বাংলাদেশের সব এলাকার সংসদ সদস্যদের সঙ্গে জনগণের মেলবন্ধন গড়তে আসছে ওয়েবসাইট ‘আমার এমপি ডটকম’।
আগামী ২৬ মার্চ ওয়েবসাইটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে এর উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়।
এতে বলা হয়, ওয়েবসাইটটির নির্মাতা প্রবাসী প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। এতদিন পরীক্ষামূলকভাবে কাজ করলেও আগামী স্বাধীনতা দিবসে ওয়েবসাইটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
“এখানে মোবাইলে ফোন বা মেইল করে জানা যাবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। এমনকি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সর্বশেষ কী অবস্থা সেটাও সাধারণ মানুষ তার এলাকার সংসদ সদস্যের থেকে জেনে নিতে পারবেন।”
ওয়েবসাইটটি পরিচালনার জন্য দ্রুততম সময়ে ৩৫০ জন সেচ্ছাসেবীও নিয়োগ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকৌশলী সুশান্ত কুমার গুপ্ত বলেন, আগামী সংসদ নির্বাচনে ‘আমার এমপি ডটকম’ হবে একটি ইউনিক সাইট, যেখান থেকে যেকোনো এমপি পদপ্রার্থী সম্পর্কে ভোটাররা বিশদ জানতে পারবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশের সংসদ সদস্যদের দায়িত্ব, কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রচারের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম বা গেটওয়ে আমরা তৈরি করছি যা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের কাছ থেকে বার্তা এবং প্রতিক্রিয়া গ্রহণের মাধ্যমে সম্পন্ন হবে বলেও জানান তিনি।
