২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ নিশ্চিতের সঙ্গে উৎপাদনও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি কারখানায় উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 11:10 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

যুক্তরাজ্যের লেবার পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “শ্রমিকদের কল্যাণ ও উৎপাদন বৃদ্ধিতে আমাদের সরকার সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”

লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং সাবেক হুইপ ডেম রোসিও উইন্টারটনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধন করাসহ শিল্প কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নের কথা লেবার নেতাদের বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।”

কর্মপরিবেশের উন্নয়নে শিল্প কারখানায় পরিদর্শক নিয়োগের কথাও বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়েও আলোচনা হয়।

ব্রেক্সিট বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, তা প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের কাছে জানতে চান।

লেবার পার্টির এবং আওয়ামী লীগের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

প্রতিনিধি দলে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুপা হকও ছিলেন।