সিলেটে দুদক কর্মকর্তাদের উপর হামলা তদন্তে কমিটি
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযানের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের উপর হামলার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও শৃঙ্খলা অধিশাখা থেকে সোমবার পাঁচ সদস্যেমর এই কমিটি গঠনের আদেশ জারি করা হয়েছে।
সিলেট বিভাগের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে কমিটিতে ডিআইজি সিলেট রেঞ্জের একজন প্রতিনিধি, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং দুদকের একজন প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে মতামত বা সুপারিশ সিলেট বিভাগীয় কমিশনারকে দিতে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবেন।
গত ৯ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখার অফিস সহকারী আব্দুল আজিজকে ঘুষের টাকাসহ দুদক কর্মকর্তারা আটক করলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় দুদক কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে জেলা প্রশাসনের কর্মচারীরা দুদকের সিলেট অঞ্চলের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ ও রনজিত কুমার কর্মকার এবং কনস্টেবল মিসবাহ উদ্দিন আহমদ মারধর করেন।
কপালে কেটে যাওয়ায় মিসবাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্য দুজনকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
