মধ্যরাতে ঢাবির হলে অভিযান, ৭ বহিরাগত আটক
ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে মধ্যরাতে অভিযান চালিয়ে সাতজন বহিরাগতকে আটক করেছে পুলিশ। অভিযানে ছাত্রলীগের এক নেতার কক্ষে পাওয়া গেছে ধারালো অস্ত্র।
রোববার রাত সাড়ে ১২টার দিকে হল কর্তৃপক্ষের সহায়তায় শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়।
আটকরা হলেন- গোপালগঞ্জের লিমন দারিয়া ও রিয়াজ, ঢাকার জিঞ্জিরার সানি, খুলনার টিটন, মুন্সিগঞ্জের তপু, সাতক্ষীরার ইমন হোসেন ও মাদারীপুরের সজিব।
অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর কক্ষ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল ও ইয়াবার খোসা পাওয়া যায়।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সুজনকে ফোন করলে তিনি সংযোগ কেটে দেন।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল জানান, ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী, ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হলের ৩১৩, ৩১৪, ৩১৫, ১০১ নম্বর রুমে অভিযান চালানো হয়। অভিযানে মাকসুদ কামালও ছিলেন।
“এসময় ৩১৩ নম্বর রুম থেকে পাঁচজন বহিরাগত, ৩১৪ কক্ষ থেকে একজনকে আটক করা হয়। এ দুই কক্ষে ডেটোনেটর, খেলনা পিস্তল ও ইয়াবার খোসা পাওয়া গেছে।”
এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে চাপাতি, চাইনিজ কুড়াল ও ইয়াবার খোসা পাওয়া যায়। এছাড়া ১০১ নম্বর কক্ষ থেকে আরেকজন বহিরাগতকে আটক করা হয়।
মাকসুদ কামাল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক সাতজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, আটকরা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এছাড়াও এদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে।”
