বইয়ে ভোটের পাঠ হালনাগাদের সুপারিশ বিদায়ী ইসির
মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক ও বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী পাঠ সম্বলিত অধ্যায় যুক্ত করার পাশাপাশি তথ্য হালনাগাদের সুপারিশ চূড়ান্ত করে গেছে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বিদায়ী ইসির সর্বশেষ কমিশন বৈঠকে এই সুপারিশ চূড়ান্ত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
বিদায়ী কমিশন ২০১২ থেকে পাঁচ বছর মেয়াদে ১৩৮টি কমিশন সভা করেছে। ৫ ফেব্রুয়ারি রোববার ছিল সর্বশেষ বৈঠক।
আগামী ১৫ ফেব্রুয়ারি শপথ নেবে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন।
আবু হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সর্বশেষ কমিশন সভায় পাঠ্যপুস্তকে নির্বাচন বিষয়ে সংবিধান, গণতন্ত্র, ভোট, ভোটাধিকারসহ নানা তথ্য সংযোজন পরিমার্জন ও নতুন অধ্যায় যুক্ত করার সুপারিশ চূড়ান্ত করেছি। তা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশগুলো পাঠাতে বলে দিয়েছি।”
নিম্ন মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শ্রেণির পাঠ্যপুস্তকে বর্তমানে নির্বাচনী তথ্য রয়েছে। প্রশিক্ষণ একাডেমিতেও এ সংক্রান্ত কোর্স রয়েছে। তাতে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন নিয়ে হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করার সুপারিশ থাকছে।
ইসি কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পঞ্চম শ্রেণির বইয়ে ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য’ এবং অষ্টম শ্রেণিতে ‘বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা’ অধ্যায়ে কিছু তথ্য পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে ‘ভোটাধিকার ও নির্বাচন’ এবং সপ্তম শ্রেণিতে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা’ নামে নতুন অধ্যায় যোগ করারও সুপারিশ রয়েছে।
এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের সর্বশেষ সভার সুপারিশগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। নতুন কমিশন আসার পর তা পাঠাতে হবে।”
তিনি জানান, এ বছর বই ছাপানো ও বিতরণ শেষ হয়েছে। কমিশনের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় বিষয়ে পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশনা দেবে।
“ইসি সচিবালয়ের একটি কমিটি এসব সুপারিশ তৈরি করেছে, বিদায়ের আগে তা উপস্থাপন করা হয়। এখন নতুন কমিশনের সময় তা পাঠাতে হবে।”
