২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের অ‌্যাক্রিডিটেশন কার্ড হবে অনলাইনে

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্তি ও নবায়নের আবেদন অনলাইনে নেওয়ার ব্যবস্থা করতে তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 01:07 AM

Updated : 19 Aug 2022, 03:44 PM

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এনিয়ে সাংবাদিকদের ভোগান্তির অভিযোগ শুনে তিনি এই নির্দেশ দেন।

পিআইডি কার্ডের আবেদন অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা করতে কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দিয়ে জাহাঙ্গীর বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসে, গ্রামে বসে, পাহাড়ে বসেও যেন অনলাইনে যে কেউ আবেদন ফরম পূরণ করতে পারেন।

আগে সচিবালয়ে গিয়ে পিআইডি কার্ডের জন্য সাংবাদিকদের আবেদন ফরম সংগ্রহ করতে হলেও এখন এই অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যায়।

কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুততার সঙ্গে সরকারি তথ্যবিবরণী ও ছবি ই-মেইলে গণমাধ্যমে পাঠানোর দাবি জানান একজন সাংবাদিক।

বিষয়টি আমলে নিয়ে প্রধান তথ্য কর্মকর্তা তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের এনিয়ে প্রতিবন্ধকতার বিষয়গুলো বিস্তারিতভাবে শোনেন।

তিনি বলেন, “যুগ পাল্টে গেছে, প্রযুক্তি পাল্টে গেছে আর পিআইডি পাল্টাবে না, সেটা হতে পারে না। প্রয়োজনে নতুন ডিভাইস কিনতে হবে, অন্যদের থাকলে আমাদের কেন থাকবে না?

“মিডিয়ার কলেবর বৃদ্ধি পেয়েছে, এর সঙ্গে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যম। … অনলাইন গণমাধ্যমগুলো নিউজের সঙ্গে অডিও-ভিডিও জুড়ে দিচ্ছে, মিডিয়ার চরিত্র বদলে যাচ্ছে। এটা আরও জোরালো হবে বলে আমি মনে করি।”

গণমাধ্যমে চরিত্র বদলের পর তথ্য অধিদপ্তর কীভাবে কাজ করবে, সাংবাদিকদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা হবে, সেটাকেই এখন ভাবনার বিষয় হিসেবে দেখছেন প্রধান তথ্য কর্মকর্তা।

পিআইডি থেকে ফিচার শুধু পত্রিকায় ছাপানোর জন্য পাঠানো হয় জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার উপযোগী ফিচার তৈরি করতে হবে, এ বিষয়ে রিথিংক করার প্রয়োজন আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের দূর্বলতা থাকলে সেগুলো তুলে ধরার পাশাপাশি এর ভালো দিকগুলো প্রচার করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর।

একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হিসেবে চিহ্নিত করে সে বিষয়ে প্রচারণা চালাচ্ছে সরকার।

সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকর্মীদের ফোন নম্বর সম্বলিত পিআইডি টেলিফোন গাইড তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনা দেন জাহাঙ্গীর।

অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) ফজলে রাব্বি, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) আকতার হোসেন প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।