২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে জেলে হত্যা: মিয়ানমারকে প্রতিবাদ জানাল বাংলাদেশ

মিয়ানমারের সীমান্ত পুলিশ নাফ নদীতে বাংলাদেশি জেলেদের নৌকায় গুলি চালিয়ে একজনকে হত্যা ও আরেকজনকে আহত করার ঘটনার ‘জোরাল’ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 09:04 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারির ওই ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে একটি ‘কূটনৈতিক নোট’ পাঠিয়েছে তারা।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে দেশটির প্রায় ৭০ হাজার  নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের কিছু দিনের মধ্যেই এই ঘটনা ঘটল।

এর আগে গত ২৭ ডিসেম্বরও বিনা উস্কানিতে বাংলাদেশি জেলেদের নৌকায় আক্রমণ করে মিয়ানমারের বাহিনী। দুদিন পর মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই ঘটনার উল্লেখ করে ‘কূটনৈতিক নোটে’ গভীর উদ্বেগ জানিয়ে বলা হয়, এ ধরনের ‘আগ্রাসী’ কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের মধ্যে বোঝাপড়া ও পারস্পারিক আস্থা তৈরিতে ভূমিকা রাখবে না।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মিয়ানমার সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।