২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূলতার মধ‌্যে সর্বাত্মক চেষ্টা করেছি: রাষ্ট্রপতিকে বিদায়ী সিইসি

নিজেদের মেয়াদের সময়টি প্রতিকূল অবস্থা হিসেবে তুলে ধরে সাংবিধানিক দায়িত্ব্ পালনে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 07:24 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

মেয়াদ শেষে বিদায় নেওয়ার আগে মঙ্গলবার বঙ্গভবনে গিয়ে সাক্ষাতের সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন‌্য রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বিদায়ী নির্বাচন কমিশনের সদস‌্যরা।

উত্তরসূরিদের নিয়োগের একদিন বাদে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিকালে বঙ্গভবনে যান বিদায়ী ইসির সদস‌্যরা।

সিইসি কাজী রকিবের সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ।

আবদুল হামিদের সঙ্গে তাদের বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সিইসি বলেন, ‘যখন আমরা দায়িত্ব নিয়েছি তখন আমাদের অঙ্গীকার ছিল সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের কাজ করার সর্বাত্মক প্রচেষ্টা করেছি।”

সার্চ কমিটি গঠনের মাধ‌্যমে তাদের সুপারিশ থেকে ২০১২ সালে কাজী রকিব নেতৃত্বাধীন ইসিকে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীত অবস্থানের মধ‌্যে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন পরিচালনা করেছিল এই কমিশন, যে নির্বাচন অধিকাংশ দল বর্জন করেছিল।

বিদায়ী কমিশন তাদের সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল প্রায় প্রতিটি নির্বাচনেই। বিএনপির ভাষায় এই কমিশন ছিল ‘সরকারের আজ্ঞাবহ’, সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম‌্যানের ভাষায় ‘মেরুদণ্ডহীন’।

তবে সিইসি রকিব রাষ্ট্রপতিকে বলেছেন, তাদের সময়ে অনুষ্ঠিত সব নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ হয়েছে।

প্রেস সচিব বলেন, “সিইসি এসময় তাদের কার্যকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।”

রাষ্ট্রপতি সাহসের সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিদায়ী কমিশনকে ধন্যবাদ জানান, বলেন বিদায়ী প্রেস সচিব।

রাষ্ট্রপতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণের সহায়তার প্রয়োজনের কথাও তুলে ধরেন।

Image
সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসিসহ বিদায়ী নির্বাচন কমিশনাররা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসিসহ বিদায়ী নির্বাচন কমিশনাররা

বঙ্গভবনের বৈঠকে বিদায়ী কমিশনের সঙ্গে থাকা ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধা ঘণ্টার বৈঠকে দায়িত্ব পালনে সহযোগিতার জন‌্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।

“মেয়াদে পাঁচ বছরের নিজেদের সব কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন বিদায়ী ইসি।”

৮ ফেব্রুয়ারি সিইসি কাজী রকিব ও তিন নির্বাচন কমিশনারের মেয়াদ ৫ বছর পূর্ণ হচ্ছে, আরেকজন নির্বাচন কমিশনারের মেয়াদ পূর্ণ হবে ১৪ ফেব্রুয়ারি।

তাদের বিদায়ের পর সিইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কাজী রকিবের মতোই সাবেক সচিব কে এম নূরুল হুদা। কমিশনার হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

আগামী ১৫ ফেব্রুয়ারি নূরুল হুদা নেতৃত্বাধীন দ্বাদশ ইসির শপথ নেওয়ার মধ‌্য দিয়ে ইতি ঘটবে বাংলাদেশের একাদশ ইসির।

পুরনো খবর:

কাজ করেছি নিরপেক্ষভাবে: প্রধানমন্ত্রীকে বিদায়ী সিইসি
নতুন ইসিও আন্তরিক হবে: বিদায়ী সিইসি
সমালোচনায় শুরু, স্বস্তিতে শেষ ইসির