বাসের জানালায় মাথা, এসএসসি পরীক্ষার্থীর প্রাণ গেল ল্যাম্পপোস্টে
বাসে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার মহাখালী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বনানী থানার এসআই গোলাম রাব্বানী জানান।
সাকিবুল ইসলাম নামের ১৫ বছর বয়সী ওই কিশোর বনানী বিদ্যানিকেতন থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার কেন্দ্র পড়েছিল ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে।
দক্ষিণ বাড্ডার বাসা থেকে সকালে বিনিময় পরিবহনের বাসে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মা ফরিদা ইয়াসমিনও ছিলেন সাকিবুলের সঙ্গে।
মায়ের বরাত দিয়ে এসআই রাব্বানী জানান, আমতলী এলাকায় চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করেছিল সাকিবুল। একটি ল্যাম্পপোস্টের সঙ্গে বাড়ি খেয়ে মাথায় গুরুতর আঘাত পায় সে।
প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে সাকিবুলকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই রাব্বানী জানান।
সাকিবুলের বাবা জাহাঙ্গীর আলম দক্ষিণ বাডডা এলাকায় একটি দোকান চালান। দুই ভাইয়ের মধ্যে সাকিবুল ছিল ছোট।
রাব্বানী জানান, সাকিবুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
