দুর্নীতির মামলায় কালাইয়ের মেয়র কারাগারে
দরপত্রের শর্ত উপেক্ষা করে হাট-বাজার ইজারা দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় জয়পুরহাটের কালাই উপজেলা মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার জয়পুরহাটের একটি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “টেন্ডারের শর্ত ভঙ্গ করে হাট-বাজার ইজারা দিয়ে সরকারের ২২ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা আত্মসাতের অভিযোগে মেয়রের বিরুদ্ধে জয়পুরহাট থানায় ২০১৪ সালের ১৩ মার্চ মামলা করে দুদক।”
ওই মামলায় জামিন চেয়ে রোববার আদালতে গিয়েছিলেন মেয়র তৌফিকুল।
এদিকে বরিশালের বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. জসিম উদ্দিনকে রোববার উপজেলা সদরের বনগ্রাম রোড এলাকা থেকে রোববার গ্রেপ্তার করে দুদক।
তার বিরুদ্ধে বানারীপাড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফের তিন লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে ব্যাংকের ভুয়া এনওসি দিয়ে মালামাল কাস্টমস থেকে খালাস করে সোনালী ব্যাংকের ১৮ লাখ ৩২ হাজার ৮৫৫ টাকা আত্মসাতের মামলায় গোলাম কবির খান নামে এক ব্যবসায়ীকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে দুদক।
