কারাগারে সূর্যমুখী সেলে ক্রিকেটার সানি
কেরানীগঞ্জের নতুন কারাগারে সূর্যমুখী সেলে রয়েছেন ক্রিকেটার আরাফাত সানি।
এক তরুণীর করা মামলায় বর্তমানে কারাবন্দি জাতীয় দলের এই খেলোয়াড়।
নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করেছেন ওই তরুলী।
তার করা তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য দিনে সানিকে ঢাকার আদালতে আনা হয়েছিল। হাজতি পরোয়ানা দেখে তার কারাগারের অবস্থান জানা যায়।
গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ২৪ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
এরপর থেকে এই ক্রিকেটার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
হাজতি পরোয়ানা ও নথিপত্র দেখা যায়, প্রথমে সানিকে কারাগারের যমুনা সেল থেকে শাপলা সেলে নেয়া হয়, এরপর শাপলা সেল থেকে তাকে সূর্যমুখী সেলে নেয়া হয়।
রোববার সানিকে কারাগার থেকে আদালতে আনা হলেও অন্য কোনো আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। হাজত থেকেই কারাগারে ফেরত যান তিনি।
তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ নতুন দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা।
মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ইয়াহিয়া রোববার প্রতিবেদন দিতে না পারায় নতুন দিন ঠিক হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন সানি দুজনের কিছু ব্যক্তিগত ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেইসবুকের মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি।
ওই তরুণী বাদী হয়ে গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন। সানি গ্রেপ্তার হওয়ার পর যৌতুক ও নারী নির্যাতন আইনে আরও দুটি মামলাও করেন তিনি।
