২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় চারদিন আগে অপহৃত শিশু উদ্ধার

রাজধানী ঢাকার ডেমরা থানা এলাকা থেকে অপহৃত জোনাকী নামে সাত বছরের এক শিশুকে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 12:37 AM

Updated : 19 Aug 2022, 03:41 PM

পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ ফেব্রুয়ারি দুপুরে ডেমরার তাজমহল রোডের বাশেরপুল এলাকায় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় জোনাকী অপহৃত হয়।

পরে অপহরণকারীরা ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জোনাকীর বাবা মো. স্বপনের কাছে। এই ঘটনায় ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পিবিআই খবরটি জেনে অপহরণকারীদের মোবাইল ফোনের সূত্র ধরে খিলগাঁও এলাকার শেখেরটেক নন্দীপাড়া বাজারসহ ডেমরার এলাকার সারুলিয়া, ওয়াসা রোড নদীরপাড় এবং ঘরভাঙ্গায় ব্যাপক অভিযান পরিচালনা করে।

“পিবিআই’র এই অভিযানের খবরে অপহরণকারীরা নিরুপায় হয়ে শিশুটিকে ডেমরার ঘরভাঙ্গা এলাকার ব্রীজের সামনে রেখে পালিয়ে যায়,” বলেন পিবিআই কর্মকর্তা আজাদ।

তিনি বলেন, “উদ্ধারের পর শিশু জোনাকী জানায়, তার বাসার পাশের ভাড়াটিয়া মহিলা রাবেয়া ভ্যানগাড়ীতে করে বেড়ানোর কথা বলে তাকে নিয়ে একটি ঘরের মধ্যে অন্ধকার কক্ষে আটকে রাখে। সেখানে আরো তিনজন শিশুকে সে দেখতে পায়। তারা কান্নাকাটি করলে মারধর করত এবং বিক্রি করার ভয় দেখাত।”