তৈজসপত্রে কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এক যাত্রীর তৈজসপত্রে মেশানো ও লুকানো পাঁচ কেজি সোনা জব্দ করা হয়েছে।
শনিবার ভোর ৬টায় গ্রিন চ্যানেলে শাহজাহান মোল্লা (৩৯) নামের যাত্রীর কাছে এগুলো পাওয়া যায় বলে ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শাহজাহান ইতালি থেকে টার্কিশ এয়ারের (টিকে ৭১২) একটি ফ্লাইটে ঢাকা আসেন। তার তৈজসপত্রের ভেতরে পাঁচ কেজি ১০০ গ্রাম সোনা পায় ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির বলেন, “ওই যাত্রী অভিনব পদ্ধতিতে বাসার কাজে ব্যবহার হয় এমন চামচ ও ছুরিসহ বিভিন্ন তৈজসপত্রে সোনা গলিয়ে লুকিয়ে নিয়ে আসার চেষ্টায় ছিল। স্ক্যানারে সেগুলো ধরা পড়েছে।”
জব্দ হওয়ার সোনার দাম এক কোটি ৭০ লাখ টাকা হতে পারে বলে জানান আহসান কবির।
