২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষায় এসডিজির লক্ষ‌্য পূরণের পথ খুঁজতে ঢাকায় বসছে ই-৯

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ‌্যমাত্রার শিক্ষা বিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে রোববার ঢাকায় বসছে তিন দিনের ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 02:23 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার র‌্যাডিসন হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন বলে শুক্রবার ব্যানবেইসের এক সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। এছাড়া উন্নয়নশীল নয়টি দেশের এই ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষামন্ত্রীরা তিন দিনের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।

সবার জন্য শিক্ষা কর্মসূচি সফল করতে ই-নাইনের আগের ১০টি সম্মেলন হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, এবার সদস্য দেশগুলো শিক্ষা বিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণ করতে বসছে।

পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচি এগিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ‌্য নিয়ে ১৯৯৩ সালে ভারতের নয়া দিল্লিতে ই-নাইন গঠিত হয়।

বাংলাদেশ ও ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া এ ফোরামের সদস্য। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো এক বা একাধিকবার এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছে।

বাংলাদেশ এবারই প্রথম ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এ সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুই বছরের জন্য এই ফোরমের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

৫ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্বোধনের দিনই বাংলাদেশের শিক্ষামন্ত্রী নাহিদকে ফোরামের সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হবে।

তিন দিনের এ সম্মেলনের শেষে এসডিজি-৪ বাস্তবায়নের রোডম্যাপ সম্বলিত ‘ঢাকা ডিক্লারেশন’ গৃহীত হওয়ার কথা রয়েছে বলেন জানান নাহিদ।

তিনি বলেন, “এসডিজি-৪ বাস্তবায়নের প্রেক্ষাপটে ঢাকায় এই সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে।...  এই সম্মেলন সফলভাবে আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে। এ ধরনের সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত।”

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ, ব্যানবেইস পরিচালক ফসিহ ‍উল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন।