‘প্রধানমন্ত্রীকে বলব, তখন ঠেলা বুঝবেন’
হকার উচ্ছেদ বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়ার পর এবার তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করার কথা জানিয়েছে হকার্স সমন্বয় পরিষদ।
হকার উচ্ছেদের প্রতিবাদে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা জানান সংগঠনের আহ্বায়ক আবুল হোসাইন।
সমাবেশে মেয়রের উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন হকারদের পুনর্বাসন করতে। কিন্তু তা না করে হকারদের উচ্ছেদ করা হচ্ছে।
“আপনি বলুন, কোথায় কোথায় পুনর্বাসন করেছেন- কয়তলা ভবন করেছেন? তা না করে কেন হকার উচ্ছেদ করছেন।”
হকাররা মেয়রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করতে চায় না জানিয়ে আবুল হোসাইন বলেন, “আপনি যদি আমাদের বাধ্য করেন, তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করতে বাধ্য হব।
“আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব। তখন ঠেলা সামলাবেন আপনি। যতক্ষণ পর্যন্ত মেয়র তার সিদ্ধান্ত প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
সমাবেশে হকার নেতা কামাল সিদ্দিকী, শফিউর রহমান, মোহাম্মদ ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মতিঝিল থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররম, পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়। পর রমনা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ১৬টি সংগঠনের জোট হকার্স সমন্বয় পরিষদ।
ঢাকার মতিঝিল ও গুলিস্থান থেকে উচ্ছেদের পর জানুয়ারির প্রথমার্ধ থেকে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে হকাররা।
বৃহস্পতিবারের সমাবেশ থেকে জানানো হয়, আগামী শনিবার তাহের মিলনায়তনে হকারদের প্রতিনিধি সভা হবে। সেখানে ঢাকার বিভিন্ন এলাকার হকার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
