উচ্ছেদ বন্ধের দাবি আদায়ে এফবিসিসিআইকে পাশে চান হকাররা
হকার উচ্ছেদ বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ওপর ‘চাপ’ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ভবন ঘেরাও করেছে হকার্স ইউনিয়ন।
সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা বায়তুল মোকাররম এলাকা থেকে মিছিল নিয়ে এফবিসিসিআই ভবনের সামনে যান। সেখানে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ হকারদের সড়কের একপাশে সরে যাওয়ার অনুরোধ করে। পরে ফেডারেশন ভবনের সামনে অবস্থান নেন হকাররা।
দুপুর ২টা পর্যন্ত তারা মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের বিপণনে হকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু হকারদের দুর্দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্যই এফবিসিআইয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা মঞ্জুর মঈন ফেডারেশনের নেতাদের উদ্দেশ্যে বলেন, “আমরা মাঠ পর্যায়ে বিপণনকর্মী হিসেবে কাজ করি। এটা আপনাদের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“আমাদের লাভের টাকায় আপনারা দামি গাড়িতে চড়েন। আমরা আপনাদের পণ্য বিক্রি করি বলেই আপনাদের পুঁজি গড়ে উঠে। কিন্তু তারা আমাদের বিপদের দিনে কোনো ভূমিকা পালন করছে না। হকাররা কিভাবে আছে তা জানাতে আজ আমরা এখানে এসেছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান।”
এফবিসিসিআইয়ের আন্দোলনের সময় হকাররাও পাশে ছিল দাবি করেন গুলিস্তানের হকার নেতা জসিম উদ্দিন।
“আপনাদের পণ্য বিক্রি করে যারা আপনাদের আলিশান বাড়িতে ওঠায় সেই হকাররা আজ উনিশটা দিন ধরে খেয়ে আছে নাকি না খেয়ে আছে তা নিয়ে আপনারা একটা টু-শব্দ করলেন না। আমরা জেনেছি আগামী ১ তারিখ মেয়র ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সেই বৈঠকে আমাদের দাবির পক্ষে অবস্থান নেবেন।”
বায়তুল মোকাররম এলাকার হকার নেতা শফিকুল ইসলাম বাবুল মেয়রকে উদ্দেশ্য করে বলেন, “আপনি আমাদের কি মানুষ মনে করেন না? যদি আমরা মানুষই না হই, তাহলে আমাদের সবাইকে মেরে ফেলুন। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার চেয়ে এভাবে মরে যাওয়াই ভাল।”
হকারদের সুনির্দিষ্ট তালিকা তৈরির মাধ্যমে পুনর্বাসন করে তারপর উচ্ছেদ করার দাবি জানান বাংলাদেশ হকার ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত। তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন হকারদের যে তালিকা তৈরি করেছে তা ত্রুটিপূর্ণ। দলীয় লোকজনকে তালিকায় রাখা হয়েছে।
“আপনাদের তালিকায় প্রকৃত হকাররা নেই। এই তালিকা আমরা মানি না।”
তালিকা তৈরির জন্য গঠিত কমিটিতে সিটি করপোরেশন ছাড়াও অন্যান্য সংস্থার প্রতিনিধি রাখার দাবি জানান তিনি।
