জীববৈচিত্র্য বিল পাস
বাংলাদেশের ‘জীববৈচিত্র্য’ রক্ষায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭’ সংসদে পাসের প্রস্তাব করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরে সেটি কণ্ঠভেটে পাস হয়।
গত বছরের ২৭ জুলাই বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সংস্থা অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ‘জীববৈচিত্র্য বা জীবসম্পদ’ এর বিষয়ে তথ্য বা জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা বা বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না। এই বিধিনিষেধ প্রযোজ্য হবে বিদেশি নাগরিক বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
বিলে বলা আছে, এ আইন ভাঙলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।
পাস হওয়া বিলে জীববৈচিত্র্য বা এ সম্পর্কিত জ্ঞান ব্যবহারের অনুমতি দিতে একটি জাতীয় কমিটি গঠনের কথা বলা রয়েছে। এছাড়া জীববৈচিত্র্য বিষয়ক কারিগরি কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি, তৃণমুল কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, “বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। জাতসংঘ জীববৈচিত্র্য সনদের অংশীদার হিসেবে জীববৈচিত্র্য সংরক্ষণ ও উহার উপাদানসমূহের টেকসই ব্যবহার, জীবসম্পদ ও তদসংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার হতে প্রাপ্ত সুফলের সুষ্ঠু ও ন্যায্য হিস্যা বণ্টন এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করার লক্ষ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬ প্রণয়ন করা হয়েছে।”
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি, জাতীয় কমিটির পূর্বানুমোদন ব্যতীত, কোনো জীবসম্পদ ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত কোনো কিছুর মেধাস্বত্ব অধিকারের জন্য বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে আবেদন করতে পারবে না।
সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে বলা আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাছাড়া এ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ ‘কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি’তে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। এই দুই বাধ্যবাধকতার কারণে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
