২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের এসপিকে ট্রাইব‌্যুনালে তলব

যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা ওয়াজ উদ্দিনকে গ্রেপ্তারের আদেশ পালনে ‘চরম গাফিলতি’ দেখানোয় ময়মনসিংহের পুলিশ সুপারকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 05:54 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব‌্যুনালে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেওয়ার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। ওই দিন তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে ট্রাইব্যুনালকে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

পলাতক অবস্থায় মারা যাওয়ার পরও যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলার ঘটনায় গত ১২ জানুয়ারি অসন্তোষ প্রকাশ করেছিল আদালত।

এর পেছনে কার গাফিলতি রয়েছে, তা তদন্ত করতে সেদিনই প্রসিকিউশন ও আসামি পক্ষকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

গত ১১ জানুয়ারি বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত ‘মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক ঘোষণা করে ট্রাইব্যুনালে বিচার চলছে’ শিরোনামের একটি প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আসার পর এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওই প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা ওয়াজ উদ্দিন ২০১৬ সালের ৭ মে মারা যান।

মঙ্গলবার আদেশে ট্রাইব্যুনাল বলেছে, “এ ধরনের বড় গাফিলতি সহ্য করা যায় না। পুলিশ অনেক মামলাতে এ ধরনের গাফিলতি করে আসছে। তাদের এই গাফিলতি দেখে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। অবশ্যই এসব দায়িত্বহীনতা, গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

মামলার প্রসিকিউটর ঋষিকেশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। গত ১১ জানুয়ারি টিভির নিউজ দেখে আমরা জানতে পারি এ মামলার পলাতক আসামি অভিযোগ গঠনের আগেই মারা গেছেন।

“পরে গত ১৯ জানুয়ারি মৃত ওয়াজ উদ্দিনকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন জানাই। আজ সেটির শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আসামিকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি এ আদেশ দিয়েছেন।”

আগামী ১৬ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানান প্রসিকিউটর ঋষিকেশ সাহা।  

এ মামলার গ্রেপ্তার আসামি রিয়াজ উদ্দিন ফকিরের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নেন।

আসামিদের মধ্যে রিয়াজ উদ্দিন গ্রেপ্তার হয়েছেন; আরেক আসামি আমজাদ আলী গ্রেপ্তারের পর মারা যাওয়ায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

ট্রাইব্যুনালের প্রসিকউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, একাত্তরে রিয়াজ ছিলেন আলবদর সদস্য, আর ওয়াজ ছিলেন রাজাকার। মুক্তিযুদ্ধের সময় তিনজনই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচ ঘটনায় রিয়াজ ও ওয়াজ ঘটনার জন্য দায়ী করা হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে ২২ অগাস্ট থেকে ২১ নভেম্বরের মধ্যে ফুলবাড়িয়া উপজেলার বেবিট্যাক্সি স্ট্যান্ড, রাঙ্গামাটিয়া ঈদগাহ সংলগ্ন বানা নদী, দিব্যানন্দ ফাজিল মাদরাসা, ফুলবাড়িয়া ঋষিপাড়া, আছিম বাজার ও ভালুকজান গ্রামে আসামিরা মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।