সৌন্দর্যবর্ধনের ডামাডোলে শ্রীহীন ঢাবির কলাভবন
করিডোরে স্তূপ করে রাখা সিমেন্টের বস্তা, এখানে সেখানে ছড়িয়ে কাগজের ঠোঙা, প্লাস্টিকের মোড়ক, দরজা-চেয়ারের ভাঙা অংশ, জানালার কাঁচের টুকরা, কোথাও কোথাও উপচে ওঠা ময়লা আবর্জনা- এটি কোনো ভাগাড়ের বর্ণনা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কলাভবনের ভেতরের বর্তমান অবস্থা।
গত বছর জুনে শুরু হওয়া কলাভবনের সংস্কার কাজের অগোছালো ব্যবস্থাপনায় এভাবে শ্রীহীন হয়ে পড়েছে কলাভবন, যাতে অসন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।
সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, কলাভবনের 'সৌন্দর্যবর্ধনের' এই কাজের ইট, বালু, সিমেন্টসহ সব নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে ভবেনের সামনের সবুজ চত্বর ও বটতলায়। কলাভবনের মূল প্রবেশপথেও স্তূপ করে রাখা হয়েছে সিমেন্টের বস্তা, যন্ত্রপাতিসহ অন্যান্য নির্মাণ সামগ্রী।
এতে ক্ষোভ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মীর হুযাইফা আল-মামদূহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন ক্লাস করতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হওয়াটা রীতিমত ভীতিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্লাস করার ইচ্ছেটাই চলে যায়।
একই বিভাগের আরেক শিক্ষার্থী তিয়াসা ইদরাক এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সহপাঠীদেরও দুষছেন।
তিনি বলেন, “কলাভবনের ভিতরে যেসব চারকোণা উঠানের মতো রয়েছে সেগুলো রীতিমত আবর্জনার ঢিবিতে পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা ফ্লোর ঝাড়ু দিয়ে ওইখানেই ময়লা ফেলে, নিজের চোখে দেখেছি। শিক্ষার্থীরা ডাস্টবিনের নিচে বা সামনে ময়লা ফেলে কিন্তু ভিতরে ফেলে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ সমস্যাগুলো নিয়ে আমারও প্রশ্ন, শিক্ষকরাও অসন্তুষ্ট। যত তাড়াতাড়ি কাজ হওয়ার কথা তত দ্রুত হচ্ছে না। শ্রেণিকক্ষের পাশে কর্মীদের গামছা-লুঙ্গি ঝুলানো থাকে- আমি নিজেও দেখেছি।”
গত জুনের প্রথম দিকে কলাভবনের উন্নয়ন ও সংস্কারের এই কাজ শুর হয় জানিয়ে তিনি বলেন, “যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন তিনি তার দায়িত্ব ঠিকমত পালন করছেন কি না আমি জানি না।”
ভবনের নিচতলার শিক্ষকদের কক্ষের পাশের সিঁড়ির নিচে সিমেন্ট ও বালুর বস্তাসহ ময়লার স্তূপ পঁচে দুর্গন্ধ ছাড়াচ্ছে, ফেলে রাখা হয়েছে অব্যবহৃত চেয়ার ও জানালার কাঠামো। দুর্গন্ধে টয়লেটের পাশ দিয়ে নাক চেপে যেতে হয় শিক্ষার্থী ও কর্মচারীদের।
উন্নয়ন ও সংস্কার কাজের কন্ট্রাক্ট যখন দেওয়া হয়, তখন প্রতি তিন দিনে একবার ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা থাকলেও এখন তা হচ্ছে না বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান।
এই কাজ যখন দেওয়া হয় তখন কলা অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান।
তিনি ওই পদ থেকে চলে যাওয়ার কারণেই কলাভবনের এই দশা হয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক জীবন কুমার মিশ্র ।
কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “সৌন্দর্যবর্ধনের কাজ এ মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আল্টিমেটলি তাদের সময় বাড়াতে হবে।”
কলাভবন ও তার আশেপাশে সংস্কার ও সৌন্দর্যবর্ধনসহ বেশ কিছু ধরনের কাজ চলছে জানিয়ে বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর চাপ দিয়েছি, গত সাত-আট দিনে কাজের গতি বেড়েছে।
“এই ফেব্রুয়ারির মধ্যেই আশা করছি কাজ শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি চলে গেলে সরকার আমাদের টেন্ডার আটকে দেবে।”
