জাতীয় কবিতা উৎসবে সম্মাননা পাচ্ছেন বেলাল চৌধুরী
‘কবিতা মানে না বর্বরতা’ শিরোনামে বুধবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এবারের আয়োজনে ‘জাতীয় কবিতা উৎসব সম্মাননা’ পাচ্ছেন কবি বেলাল চৌধুরী; আর কবি সাযযাদ কাদির পাচ্ছেন ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে জাতীয় কবিতা উৎসবের সূচি তুলে ধরেন জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী ‘পটুয়া’ কামরুল হাসান প্রতিকৃতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
এবারের কবিতা উৎসব উদ্বোধন করেন কবি বেলাল চৌধুরী, সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন কবি আসাদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উদ্বোধনী পর্বের পর বেলা সাড়ে ১১টায় শুরু হবে মুক্ত আলোচনা পর্ব। ‘বর্বরতার বিরুদ্ধে কবিতা’ শিরোনামে এই মুক্ত আলোচনা পর্বে অংশ নেবেন থেকে বিভিন্ন দেশ থেকে আগত কবি-লেখক-প্রতিনিধিরা।
দুপুর দেড়টা থেকে শুরু হবে কবিতা পাঠ পর্ব। পাঁচ পর্বের এসব আসরে সভাপতিত্ব করবেন দিলারা হাফিজ, আনোয়ারা সৈয়দ হক, শিহাব সরকার, হাবীবুল্লাহ সিরাজী ও রামেন্দু মজুমদার।
বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে বেলা ১১টায় ‘কবিতার অনুবাদ: মুক্ততা ও মৌলিকতা’ শিরোনামে মুক্ত আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহাম্মদ নুরুল হুদা। তারপরই ‘কবিতা মানে না বর্বরতা’ সেমিনার অনুষ্ঠিত হবে, যাতে সভাপতিত্ব করবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এছাড়া সারাদিনই থাকছে কবিতা পাঠ পর্ব।
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত এক লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, “রাষ্ট্র ও সমাজের শিরা-উপশিরায় এক অশুভের থাবায় সংকটাপন্ন শান্তিকামী মানুষ। শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে মানবিকতার প্রত্যয়ে আমরা বরাবরই দৃঢ়কণ্ঠ।
“এই কবিতা উৎসবে আমরা এই বর্বরতার বিরুদ্ধে দৃঢ় উচ্চারণে ৩১তম জাতীয় কবিতা উৎসবের মর্মবাণী হিসেবে গ্রহণ করে সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”
তিনি জানান, এবারের কবিতা উৎসবে অংশ নিতে আসছেন ভারতের কবি আশিস স্যানাল, বীথি চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক চিন্ময় গুহ, সুইডেনের কবি ক্রিস্টিয়ান কার্লসন, অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো, আর্জেন্টিনার কবি ইওনা বুরঘার্ট, জার্মানির কবি টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর কবি লুস মারিয়া লোপেজ, কবি মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার কবি আলেক্সাড্রোভিচ পোগোদাইভসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকরা।
‘স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খলমুক্তির ডাক দিয়ে’ ১৯৮৭ সালে শুরু হয় জাতীয় কবিতা উৎসব। এবারের আয়োজনটি উৎসবের ৩১তম আসর।
